আশ্বাসের দুয়ারে খালি হাত, অন্নপূর্ণার অপেক্ষায় ক্ষুব্ধ মহিলারা
অঙ্কিতা চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
অন্নপূর্ণার ভাণ্ডার যেন তাঁদের ঘরে পৌঁছনোর আগেই থমকে গিয়েছে প্রশাসনের কাগজের গোলকধাঁধায়। আবেদন হয়েছে, অপেক্ষার দিন গড়িয়েছে, কিন্তু অ্যাকাউন্টে আসেনি প্রাপ্য অর্থ। সেই ক্ষোভেই বৃহস্পতিবার আসানসোল মহকুমা শাসকের দফতরের সামনে জড়ো হলেন একাধিক মহিলা।
তাঁদের অভিযোগ, অনলাইন-অফলাইন দু’ভাবেই আবেদন করেও এখনও অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা মেলেনি। দীর্ঘ প্রতীক্ষার পর ক্ষোভ আর চাপা থাকেনি।
তাঁদের প্রশ্ন, যোগ্য হয়েও কেন সরকারি প্রকল্পের টাকা থেকে বঞ্চিত থাকতে হবে? আগের দিনও একই দাবিতে দফতরে ঢুকে বিক্ষোভ দেখিয়েছিলেন তাঁরা। পরপর দু’দিনের প্রতিবাদে স্পষ্ট, সমস্যাটি নিছক আবেদনপত্রের নয়—এর সঙ্গে জড়িয়ে রয়েছে বহু পরিবারের প্রত্যাশা ও অভাবের হিসাব।
পরিস্থিতি সামাল দিতে মহকুমাশাসক সাধন দেবনাথ মাইকিং করে জানান, অনলাইনে অভিযোগ জানালে প্রশাসন তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
Comments
Post a Comment