চাকার তলায় থেমে গেল জীবনের গান, জামুড়িয়া বাজারে সানির মৃত্যুর কান্না
সংবাদদাতা, নিউজ হিন্দুস্থান -:
মঙ্গলবার দুপুরে আচমকা এক বিকট ধাক্কায় থমকে গেল জামুড়িয়া বাজারের ব্যস্ততা। পাথরবোঝাই ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে অকালে ঝরে গেল ৩৫ বছরের যুবক সানি গুপ্ত। মোটরসাইকেলে বাজারের রাস্তা ধরে যাওয়ার সময় আচমকাই ট্রাক্টরটি তাঁকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।
সানির মৃত্যু যেন শুধু একটি প্রাণের নিভে যাওয়া নয়, একটি অসহায় পরিবারের শেষ আশাটুকুও নিভে যাওয়া। গরিব পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্যের নিথর দেহ ফিরে আসতেই স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে বাতাস।
মর্মান্তিক এই ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা। ক্ষতিপূরণের দাবিতে জামুড়িয়া বাজারের মূল রাস্তা অবরোধ করে শুরু হয় বিক্ষোভ। স্তব্ধ হয়ে যায় যান চলাচল, দীর্ঘ যানজটে নাভিশ্বাস ওঠে সাধারণ মানুষের।
খবর পেয়ে জামুড়িয়া থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ সানির দেহ উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। আটক করা হয়েছে ঘাতক ট্রাক্টর। চালকের খোঁজে চলছে তল্লাশি।
একটি দুর্ঘটনা থামিয়ে দিল একটি জীবন- আর রেখে গেল পরিবারের চোখে অনন্ত অন্ধকার।
Comments
Post a Comment