চপারে বীরভূমে শুভেন্দু, পায়ে হেঁটে মা তারার মন্দিরে মুখ্যমন্ত্রী তারাপীঠে বিশেষ পুজো


সায়ন ভাণ্ডারি, তারাপীঠ:-


বিধানসভা নির্বাচনের পর মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর এই প্রথম বীরভূমের লাল মাটিতে পা রাখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার দুপুর ১২টা নাগাদ চপারে করে তারাপুর সরস্বতী শিশু মন্দির সংলগ্ন মাঠে তৈরি হেলিপ্যাডে অবতরণ করেন মুখ্যমন্ত্রী। তাঁকে স্বাগত জানাতে সেখানে উপস্থিত ছিলেন বিভিন্ন বিধানসভার বিধায়ক-সহ বীরভূম বিজেপির জেলা সভাপতি উদয় শঙ্কর ব্যানার্জি। ফুলের তোড়া দিয়ে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানান তাঁরা। এরপর সড়কপথে বীরভূমের ঐতিহ্যবাহী তারাপীঠের উদ্দেশে রওনা দেন শুভেন্দু অধিকারী। তারাপীঠে পৌঁছে পূর্বসাগর মোড় সংলগ্ন মন্দিরের মূল গেটের সামনে তাঁর গাড়ি থামে। এরপর গাড়ি থেকে নেমে নিজেই পায়ে হেঁটে হাতে ডালা ভর্তি ফুল নিয়ে মা তারার মন্দিরের দিকে এগিয়ে যান মুখ্যমন্ত্রী। মন্দিরে পৌঁছতেই তারাপীঠ মন্দির কমিটির সভাপতি নিখিল বন্দ্যোপাধ্যায় ফুলের তোড়া দিয়ে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানান। এরপর মন্দিরে প্রবেশ করে মা তারার পুজো দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পুজো শেষে নির্বাচনের আগে মা তারার আশীর্বাদ নেওয়ার প্রসঙ্গও উঠে আসে তাঁর বক্তব্যে। মুখ্যমন্ত্রী বলেন, “মা, তোমার আশীর্বাদ নিয়েই বিধানসভা নির্বাচনের মাঠে নেমে লড়াই করেছিলাম। তোমার আশীর্বাদেই আজ ভারতীয় জনতা পার্টির সরকার ক্ষমতায় এসেছে।” মুখ্যমন্ত্রীর প্রথম বীরভূম সফর ঘিরে রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যেও তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ। বিশেষ করে তারাপীঠে মুখ্যমন্ত্রীর পুজো দেওয়াকে ঘিরে মন্দির চত্বরে দেখা যায় বাড়তি উন্মাদনা। মুখ্যমন্ত্রীর এই সফরকে ঘিরে নিরাপত্তার ব্যবস্থাও ছিল জোরদার।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

জামগ্রাম অঞ্চলে দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়