“ক্ষমতা নয়, মানুষের দরজায় দায়িত্ব”- বার্নপুরে অগ্নিমিত্রার কড়া বার্তা
রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
নির্বাচনের উত্তাপ পেরিয়ে এবার সংগঠনের ঘরে ফিরল দায়িত্বের পাঠ। বার্নপুরের ভারতী ভবনে মণ্ডল স্তরের কর্মী ও কার্যকর্তাদের নিয়ে বৈঠকে বসেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। বৈঠকের মূল সুর- মানুষের দরজায় পৌঁছতে হবে, শুনতে হবে অভাব-অভিযোগ, আর সরকারি পরিষেবার সুফল পৌঁছে দিতে হবে প্রকৃত প্রাপকের হাতে।
অগ্নিমিত্রা কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সমস্যা চিহ্নিত করার নির্দেশ দেন। অন্নপূর্ণা প্রকল্প, পানীয় জল, রাস্তা, পথবাতি, নিকাশি, স্বাস্থ্যকেন্দ্র ও প্রাথমিক স্কুল- কোথাও সমস্যা থাকলে তা প্রশাসনের নজরে আনার কথা বলেন তিনি। হাসপাতাল, থানা ও জরুরি পরিষেবার প্রয়োজনীয় যোগাযোগ নম্বরও মানুষের কাছে পৌঁছে দেওয়ার বার্তা দেন।
তবে বৈঠকের সবচেয়ে কড়া সুর ছিল তোলাবাজি ও বেআইনি কাজের বিরুদ্ধে। মন্ত্রীর স্পষ্ট সতর্কবার্তা, দলের নাম ব্যবহার করে কেউ তোলাবাজি বা বেআইনি কাজে জড়ালে তাঁকে কোনওভাবেই রক্ষা করা হবে না। অভিযোগ সত্য প্রমাণিত হলে দল থেকে বহিষ্কারের মতো কঠোর পদক্ষেপও হতে পারে।
বেআইনি নির্মাণ, জলাশয় ভরাট, বেআইনি লজ-হোটেল, ফায়ার লাইসেন্সহীন ব্যবসা ও অবৈধ গোডাউনের বিরুদ্ধেও প্রশাসনকে তথ্য দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বার্তা একটাই- জনসেবা হবে ঢাল, দুর্নীতি নয়।
Comments
Post a Comment