বুলডোজারের আওয়াজে ভাসছে মানুষের অধিকার: সরব মানবাধিকার কমিশন


রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:

      ​পশ্চিম বর্ধমানের মাইথনের ডিভিসি লেফট ব্যাঙ্ক কলোনি এবং কল্যাণেশ্বরীর মাটিতে এখন কেবলই ভাঙচুরের কর্কশ শব্দ। আবাসন ভাঙার মহোৎসব চলছে, অথচ কার ইশারায় বা কোন জাদুমন্ত্রে এই ধ্বংসলীলা শুরু হলো- তার কোনো সদুত্তর নেই সাধারণ মানুষের কাছে। বিনা নোটিসে একের পর এক কোয়ার্টার গুঁড়িয়ে দেওয়ার এই ঘটনায় এবার সরাসরি আসরে নেমেছে জাতীয় মানবাধিকার ও মহিলা-বাল উন্নয়ন কমিশন।

     ​কমিশনের পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি অনুজ সিংহের পাঠানো চিঠিতে স্পষ্ট হয়েছে গভীর এক উদ্বেগের ছবি। কোয়ার্টারগুলো কি আদতেই বসবাসের অযোগ্য, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো বাণিজ্যিক অভিসন্ধি- সেই প্রশ্ন তুলে ডিভিসির কাছে জবাব তলব করা হয়েছে। শুধু তাই নয়, ভবন ভাঙার নামে নির্বিচারে কাটা হচ্ছে শতবর্ষী ফলদ ও ছায়াদায়ী গাছ। বন দফতর বা দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের কোনো তোয়াক্কা না করেই কি চলছে এই ধ্বংসযজ্ঞ? প্রশ্ন উঠেছে কাজের ঠিকাদার সংস্থার ভূমিকা নিয়ে।

       ​ইতিমধ্যে চিঠির অনুলিপি পৌঁছে গেছে জেলাশাসক, পুলিশ কমিশনার থেকে শুরু করে স্থানীয় বিডিও-র দপ্তরেও। মাথার উপর ছাদ হারানোর আশঙ্কায় দিন কাটানো অসহায় মানুষদের মানবাধিকার রক্ষায় এখন একটাই অপেক্ষা- ডিভিসির জবাবদিহি। বুলডোজারের দাপটে আজ প্রশ্নের মুখে সাধারণ মানুষের বেঁচে থাকার মৌলিক অধিকার।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

বিশ্ব যোগ দিবসে বৃক্ষরোপণ ও গো-সেবা কর্মসূচি