প্রতিশ্রুতির থালা শূন্য, ক্ষোভে পথে অন্নপূর্ণারা


রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:

    প্রতিশ্রুতির আলোয় যে স্বপ্নের প্রদীপ জ্বলেছিল, বাস্তবের অপেক্ষায় তা যেন আজ নিভতে বসেছে। অন্নপূর্ণা যোজনার টাকা এখনও ব্যাংক অ্যাকাউন্টে না আসায় সোমবার ক্ষোভে ফেটে পড়লেন কুলটির মহিলারা। বরাকর স্টেশন রোডে জড়ো হয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান তাঁরা। বিক্ষোভের জেরে যান চলাচল ব্যাহত হয়, ছড়িয়ে পড়ে উত্তেজনা।

      নির্বাচনী প্রচারে রাজ্যের বিজেপি সরকার প্রতিশ্রুতি দিয়েছিল, লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে মহিলাদের প্রতি মাসে ৩,০০০ টাকা করে অন্নপূর্ণা যোজনার সুবিধা দেওয়া হবে। সেই আশায় বহু মহিলা প্রকল্পে আবেদন করেন। কিন্তু অভিযোগ, আবেদন সত্ত্বেও তাঁদের অনেকের অ্যাকাউন্টে এখনও টাকা জমা পড়েনি।

     এদিন ক্ষোভের আগুনেই পথে নামেন মহিলারা। তাঁদের দাবি, প্রতিশ্রুতির টাকা দ্রুত তাঁদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দিতে হবে। খবর পেয়ে কুলটি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

        একদিকে সংসারের হিসাব, অন্যদিকে প্রতিশ্রুতির অপেক্ষা- এই দুইয়ের টানাপোড়েনেই যেন বরাকরের রাজপথে শোনা গেল মহিলাদের প্রতিবাদের ভাষা। প্রশ্ন একটাই- প্রতিশ্রুতির অন্ন কবে পৌঁছবে অন্নপূর্ণাদের ঘরে?

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

বিশ্ব যোগ দিবসে বৃক্ষরোপণ ও গো-সেবা কর্মসূচি