তীর্থযাত্রার পথে নিষিদ্ধ পল্লির ফাঁদ: নিয়ামতপুরে স্করপিও আটকে লুঠ
রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
ভক্তিভরে ঝাড়খণ্ডের রাজারাপ্পা মন্দিরে পুজো দিতে যাওয়ার পথেই ঘটে গেল এক ঘোর বিপর্যয়! কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ি এলাকার লচ্ছীপুর ‘দিশা’ নিষিদ্ধ পল্লির দালালদের খপ্পরে পড়ে সর্বস্বান্ত হলেন চার যুবক। মঙ্গলবারের গভীর রাতের এই ঘটনায় শিল্পাঞ্চলে চাঞ্চল্যের ঢেউ উঠেছে।
পুলিশ সূত্রে খবর, তীর্থযাত্রার উদ্দেশ্যে রওনা দেওয়া ওই চার যুবক স্করপিও গাড়িতে করে লচ্ছীপুর সংলগ্ন এলাকায় পৌঁছলে এক স্থানীয় ব্যক্তি তাঁদের ভুলিয়ে ওই নিষিদ্ধ পল্লির অন্দরে নিয়ে যায়। কিন্তু অনৈতিক প্রস্তাবে তাঁরা রাজি না হতেই শুরু হয় আসল ব্ল্যাকমেলিং।
দালালচক্রের খপ্পরে পড়ে নগদ ১০ হাজার টাকা ও জোরপূর্বক অনলাইন মারফত আরও ২০ হাজার টাকা খোয়াতে হয় তাঁদের। এরপর কোনমতে সেখান থেকে বেরিয়ে নিয়ামতপুর ফাঁড়ির দিকে পালানোর চেষ্টা করতেই বাইকে চড়ে ধাওয়া করে দুষ্কৃতীরা। মাঝপথে গাড়ি থামিয়ে স্করপিওর চাবিও কেড়ে নিয়ে চম্পট দেয় তারা।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ চার যুবককে উদ্ধার করে এবং একটি বাইক আটক করে। সীমান্ত এলাকার এই পুরনো দালালচক্রের দাপট নিয়ে ফের প্রশ্ন উঠেছে।
Comments
Post a Comment