গর্তের বুকে বর্ষার জল, পুজোর আগে মসৃণ পথের অপেক্ষায় নিয়ামতপুর
রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
বর্ষার জলে যেন ক্ষত আরও গভীর হয়েছে নিয়ামতপুর ইস্কো রোডের। দীর্ঘদিনের অবহেলায় রাস্তার বিভিন্ন অংশে তৈরি হয়েছে বড় বড় গর্ত। বৃষ্টির জল জমে সেই গর্তগুলি এখন হয়ে উঠেছে দুর্ঘটনার নীরব ফাঁদ। গর্ত এড়িয়ে চলতে গিয়ে নিত্য সমস্যায় পড়ছেন গাড়িচালক থেকে পথচারী- বাড়ছে বিপদের আশঙ্কা।
এই পরিস্থিতিতে রাজ্যের পূর্তমন্ত্রী অজয় পোদ্দারের উদ্যোগে আপাতত মিলেছে সাময়িক স্বস্তি। বার্ণপুর ইস্কো কর্তৃপক্ষের তরফে রাস্তার একাধিক বড় গর্ত বোল্ডার ও ছাই দিয়ে ভরাট করা হয়েছে।
কাজের সময় উপস্থিত ছিলেন ইস্কোর আধিকারিকরা। পরিস্থিতি খতিয়ে দেখতে নিয়ামতপুর সাব-ট্রাফিক পুলিশ আধিকারিক মৃণাল কান্তি মুর্মুও উপস্থিত ছিলেন। যান চলাচল স্বাভাবিক রাখার দিকেও নজর দেওয়া হয়।
তবে এলাকাবাসীর কথায়, ক্ষতস্থানে সাময়িক প্রলেপে কি আর দীর্ঘদিনের ক্ষত সারে?
বোল্ডার-ছাইয়ে গর্ত ভরাট হলেও প্রয়োজন পূর্ণাঙ্গ সংস্কারের। সামনে দুর্গাপুজো, বাড়বে মানুষের ভিড় ও যানবাহনের চাপ। তার আগে রাস্তা মেরামত না হলে যানজটের সঙ্গে বাড়তে পারে দুর্ঘটনার আশঙ্কাও।
Comments
Post a Comment