কলেজের মসনদে জনপ্রতিনিধি, বদলের হাওয়ায় নতুন অধ্যায়



অঙ্কিতা চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:

      প্রশাসকের নীরব অধ্যায়ের ইতি। কলেজের গর্ভনিং বডির দরজা এবার খুলল জনপ্রতিনিধিদের জন্য। সরকার পরিবর্তনের পর একসময় ভেঙে দেওয়া হয়েছিল কলেজের গভর্নিং বডি। তার জায়গায় দায়িত্ব নিয়েছিলেন প্রশাসকেরা। শনিবার উচ্চশিক্ষা দপ্তরের বিজ্ঞপ্তিতে সেই ব্যবস্থাতেও এল বদল। প্রকাশিত হল নতুন সভাপতিদের তালিকা।

    আসানসোল-দুর্গাপুর শিল্পাঞ্চলের একাধিক কলেজে এবার গর্ভনিং বডির নেতৃত্বে এলেন বিধায়ক ও সাংসদ-সহ রাজনৈতিক ব্যক্তিত্বরা। আসানসোল গার্লস কলেজ ও বি.সি. কলেজের দায়িত্ব পেলেন কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়। টিডিবি কলেজ, খণ্ডরা কলেজ ও রানিগঞ্জ গার্লস কলেজের সভাপতি পার্থ ঘোষ। দুর্গাপুর উইমেন্স কলেজ ও মাইকেল মধুসূদন মেমোরিয়াল কলেজের দায়িত্বে চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। কুলটি কলেজে ড. অজয় পোদ্দার, পাণ্ডবেশ্বর কলেজে জিতেন্দ্র তিওয়ারি, বি.বি. কলেজে অগ্নিমিত্রা পাল এবং দেশবন্ধু মহাবিদ্যালয়ে অরিজিৎ রায় দায়িত্ব পেলেন।

    নতুন দায়িত্বের সঙ্গে প্রত্যাশার ভারও কম নয়। প্রশাসন, অধ্যক্ষ, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মী ও পড়ুয়াদের সঙ্গে সমন্বয় রেখে শিক্ষা, পরিকাঠামো ও পরিবেশের উন্নয়নই এখন প্রধান পরীক্ষা। 

       কারণ কলেজের মসনদে বদল শুধু নামের নয়—তার প্রতিফলন যেন পড়ে ছাত্রছাত্রীদের ভবিষ্যতের পাতাতেও। এখন সময়ই বলবে, নতুন নেতৃত্বে শিক্ষাঙ্গনে সত্যিই কতটা বদলের আলো জ্বলে।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

বিশ্ব যোগ দিবসে বৃক্ষরোপণ ও গো-সেবা কর্মসূচি