ঢাকের তালে শরতের আগমনী, খুঁটি পুজোয় নববিকাশে দুর্গোৎসবের সূচনা


অঙ্কিতা চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -: 

    শরতের আকাশে এখনও মেঘের আনাগোনা, বাতাসে উৎসবের গন্ধ পুরোপুরি মেশেনি। তার আগেই বার্নপুরের নববিকাশ ক্লাবে বেজে উঠল আগমনীর সুর। রবিবার ধুমধাম করে অনুষ্ঠিত হল দুর্গাপুজোর খুঁটি পুজো। আর সেই শুভক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উৎসবের আনন্দে সামিল হলেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল।

      মন্ত্রোচ্চারণ ও ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হয় খুঁটি পুজো। ক্লাব সদস্যদের পাশাপাশি বহু স্থানীয় বাসিন্দার উপস্থিতিতে মুহূর্তেই তৈরি হয় উৎসবের আবহ। পুজো শেষে নিজে হাতে ঢাক বাজিয়ে আনন্দে মেতে ওঠেন অগ্নিমিত্রা পাল। তাঁর ঢাকের তালে যেন আগাম বার্তা পৌঁছে যায়- দুয়ারে মা আসছেন।

       সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী বলেন, দুর্গাপুজো শুধু ধর্মীয় উৎসব নয়, এটি বাঙালির আবেগ, সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে গভীরভাবে জড়িয়ে থাকা এক মহামিলনের উৎসব। নববিকাশ ক্লাবের সঙ্গে এই শুভ আয়োজনে থাকতে পেরে তিনি নিজেকে ধন্য মনে করেন। পাশাপাশি তাঁকে চিফ পেট্রন করার জন্য ক্লাব কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

      খুঁটি পুজোর মধ্য দিয়েই নববিকাশে শুরু হল মাকে বরণ করার প্রতীক্ষার দিনগোনা।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

জামগ্রাম অঞ্চলে দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়