শ্মশানের জমি ঘিরে উত্তাপ, জেসিবির ঘর্ষণে সরগরম বেলবাদ
রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান-:
জামুড়িয়া থানার পাড়াসিয়া পঞ্চায়েতের বেলবাদ এলাকায় শ্মশানঘাটের জমি দখলের চেষ্টার অভিযোগকে ঘিরে রবিবার উত্তেজনা ছড়াল। সিঙ্গারণ নদীর তীরে প্রায় অর্ধশতাব্দী ধরে থাকা শ্মশানঘাট রক্ষার দাবিতে পথে নামলেন এলাকার বহু মানুষ। ১৬ আনা কমিটির নেতৃত্বে চলে বিক্ষোভ।
স্থানীয়দের অভিযোগ, গত এক সপ্তাহ ধরে কয়েকজন ব্যক্তি জেসিবি মেশিন দিয়ে শ্মশানঘাট সংলগ্ন জমিতে কাজ করছেন। তাঁদের আশঙ্কা, এর আড়ালে ঐতিহ্যবাহী শ্মশানঘাটের জমি দখলের চেষ্টা চলছে। অভিযোগ উঠতেই ক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে এলাকায়। বিক্ষোভকারীদের দাবি, প্রশাসন দ্রুত হস্তক্ষেপ করে শ্মশানঘাটের জমির সীমানা নির্ধারণ করে তা রক্ষা করুক।
স্থানীয়দের বক্তব্য, এর আগেও একই জমি দখলের চেষ্টা হয়েছিল। মানুষের সম্মিলিত প্রতিবাদে তখন পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হয়। ফের একই অভিযোগ ওঠায় ক্ষোভ তীব্র হয়েছে। প্রশাসনিক পদক্ষেপ না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তাঁরা।
তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত ব্যক্তির দাবি, জেসিবি দিয়ে যে জমিতে কাজ চলছে, সেটি শ্মশানঘাট থেকে যথেষ্ট দূরে এবং তাঁর নিজস্ব জমি। ফলে শ্মশানঘাট দখলের অভিযোগ ভিত্তিহীন বলেই তাঁর দাবি।
এখন প্রশ্ন, নদীর পাড়ের এই শেষকৃত্যের জমি কার- তার উত্তরেই নির্ভর করছে বেলবাদের উত্তাপ কতটা প্রশমিত হয়।
Comments
Post a Comment