​স্কুল যাওয়ার পথে ট্রেনের ধাক্কায় শেষ খুদেদের স্বপ্ন, মুর্শিদাবাদে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত ৩ পড়ুয়া​

জ্যোতি প্রকাশ মুখার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:

     শুক্রবার সকালের শান্ত আকাশ মুহূর্তেই ভেঙে পড়ল কান্নার রোলে। স্কুলের ব্যাগ পিঠে, ভবিষ্যতের স্বপ্ন বুকে নিয়ে যারা বাড়ি থেকে বেরিয়েছিল, মুর্শিদাবাদের কর্ণসুবর্ণ রেলগেট তাদের জন্য যে এমন নিষ্ঠুর পরিণতি নিয়ে অপেক্ষা করবে, তা কল্পনাও করতে পারেনি কেউ। লেভেল ক্রসিং পার হওয়ার সময় দ্রুতগামী ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল স্কুলভ্যান। মর্মান্তিক এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হলো তিনর খুদে পড়ুয়ার। আহত অবস্থায় হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে আরও অনেকে।

      ​শুক্রবার সকালের দৃশ্য ছিল সাধারণ দিনের মতোই। তবে বহরমপুর থানার কর্ণসুবর্ণ রেলগেটে অসতর্কতার বলি হলো কোমলমতি শিশুরা। 

      প্রত্যক্ষদর্শীদের মতে, রেলগেট বন্ধ না থাকার সুযোগেই চালক গাড়ি নিয়ে লাইন পার হওয়ার চেষ্টা করেছিলেন। ঠিক সেই মুহূর্তেই যমদূতের মতো ধেয়ে আসে ট্রেন। তীব্র গতিতে ধাক্কা মারতেই গাড়িটি লাইনের পাশে ছিটকে পড়ে। ধুলোবালি আর আর্তনাদে ভরে ওঠে চারপাশ।

      ​ঘটনার আকস্মিকতায় দিশেহারা স্থানীয়রা তড়িঘড়ি উদ্ধারে হাত লাগান। রক্তাক্ত অবস্থায় শিশুদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। চিকিৎসকরা তিনজনকে মৃত ঘোষণা করতেই কান্নায় ভেঙে পড়ে গোটা এলাকা। 

       নিথর দেহগুলো দেখে স্বজনদের হাহাকার আকাশ-বাতাস ভারী করে তুলেছে। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা বাড়ার প্রবল আশঙ্কা রয়েছে। প্রশাসনের গাফিলতি নিয়ে প্রশ্ন তুলে শোকস্তব্ধ এলাকাবাসী। একটি স্কুলভ্যান আর কয়েকটা কচিকাঁচার প্রাণ- সবই আজ তলিয়ে গেল রেললাইনের ধূসর অন্ধকারে।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

বিশ্ব যোগ দিবসে বৃক্ষরোপণ ও গো-সেবা কর্মসূচি