আসানসোলে বাজার পরিদর্শনে পুরমন্ত্রী, অবৈধ দখল উচ্ছেদের নির্দেশ
অঙ্কিতা চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
রাজ্যের নগরোন্নয়ন ও পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল বৃহস্পতিবার আসানসোল বাজার এলাকা পরিদর্শনে আসেন। তাঁর সঙ্গে ছিলেন আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের উচ্চপদস্থ আধিকারিকরা। বাজার এলাকায় ফুটপাত ও রাস্তা দখলের ফলে সাধারণ মানুষের চরম ভোগান্তির বিষয়টি খতিয়ে দেখেন মন্ত্রী।
তিনি আধিকারিকদের অবিলম্বে সমস্ত অবৈধ দখলদারি সরানোর কঠোর নির্দেশ দেন।
মন্ত্রী জানান, ফুটপাত ছাড়িয়ে রাস্তার অনেকটা অংশ দখল হয়ে যাওয়ায় চলাচলের পথ সংকুচিত হচ্ছে এবং পার্কিংয়ের জায়গা মিলছে না। শহরকে ঢেলে সাজাতে পার্কিংয়ের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে তিনি বিকল্প জায়গার সন্ধানের কথা জানান। এছাড়া, রাস্তার ওপর বাস থামিয়ে যাত্রী তোলার প্রবণতা বন্ধ করতে বাসস্ট্যান্ডের ভেতরেই যাত্রী ওঠানোর নির্দেশ দেন।
মন্ত্রীর এই অভিযান চলাকালীন ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে দুটি মোটরসাইকেল এবং তিনটি বাসকে লক করা হয়েছে। শহরের ট্রাফিক জ্যাম কমাতে এবং সাধারণের চলাচলের পথ সুগম করতে এই কড়া অবস্থান নিলেন পুরমন্ত্রী।
Comments
Post a Comment