আসানসোল পৌর বোর্ড ভেঙে দেওয়ার পর নামফলক খুলল বিজেপি, তুঙ্গে বিতর্ক
রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
রাজ্য সরকারের নির্দেশনায় আসানসোল পৌর নিগমের বোর্ড ভেঙে দেওয়ার পর থেকেই পৌর কার্যালয় ও বিভিন্ন দপ্তরে থাকা জনপ্রতিনিধিদের নাম-সংবলিত বোর্ডগুলি সরিয়ে ফেলার কাজ শুরু করেছে প্রশাসন। তবে কুলটি বোরো কার্যালয়ে এখনও প্রাক্তন জনপ্রতিনিধিদের নামফলক রয়ে যাওয়ায় নতুন করে রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়েছে।
এই প্রেক্ষিতে বৃহস্পতিবার বিজেপি কুলটি মণ্ডল ৪-এর সভাপতি সুনীল ভরের নেতৃত্বে দলীয় কর্মীরা বোরো কার্যালয়ে গিয়ে সেই নামফলকগুলি খুলে ফেলেন। উপস্থিত ছিলেন বিজেপি নেতা সৌমেন চক্রবর্তীসহ অন্যান্য নেতৃত্ব। বিজেপির যুক্তি, যেহেতু পৌর বোর্ড ভেঙে দেওয়া হয়েছে এবং জনপ্রতিনিধিদের পদ এখন আর কার্যকর নয়, তাই সরকারি দপ্তরে তাঁদের নামফলক থাকা আইনত অনুচিত।
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চর্চা তুঙ্গে উঠেছে। যদিও ঘটনার বিষয়ে পৌর প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সরকারি বিধি ভঙ্গের অভিযোগ তুলে বিজেপির এই কর্মসূচি ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
Comments
Post a Comment