চাকরি হারানোর আশঙ্কায় ইএসআই হাসপাতালের কর্মীরা


রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:

         আসানসোল ইএসআই হাসপাতালকে মেডিক্যাল কলেজে উন্নীত করার সরকারি সিদ্ধান্তকে স্বাগত জানালেও, কর্মজীবনের অনিশ্চয়তা নিয়ে এবার আন্দোলনে নামলেন হাসপাতালের চুক্তিভিত্তিক চিকিৎসক, নার্স ও গ্রুপ-ডি কর্মীরা। অভিযোগ, মেডিক্যাল কলেজ চালু হওয়ার অজুহাতে দীর্ঘদিনের অভিজ্ঞতাসম্পন্ন কর্মীদের কোনো লিখিত নির্দেশ ছাড়াই ছাঁটাইয়ের পরিকল্পনা করা হচ্ছে।

       ​চুক্তিভিত্তিক চিকিৎসক ডা. শর্মিষ্ঠা সরকার আবেগঘন কণ্ঠে জানান, বিগত ১৫ বছর ধরে যখন বহু স্থায়ী চিকিৎসক ব্যক্তিগত চেম্বারে ব্যস্ত থেকেছেন, তখন তাঁরাই হাসপাতালের মূল পরিষেবা ও ২৪ ঘণ্টার জরুরি দায়িত্ব সামলেছেন। অথচ এখন মৌখিকভাবে এবং হোয়াটসঅ্যাপ বার্তার মাধ্যমে তাঁদের দায়িত্বমুক্ত করার প্রস্তুতি চলছে। তিনি হাসপাতালের ক্যান্টিন, রোগী রেফার ও কোভিড ভ্যাকসিন সংক্রান্ত দুর্নীতির নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছেন।

         ​ডা. অভিজিৎ মালাকার বলেন, কেন্দ্রীয় সরকারের অধীনে হাসপাতাল যাওয়ার সময় কর্মীদের অন্তর্ভুক্ত করার আশ্বাস দেওয়া হলেও বর্তমানে অবস্থান পাল্টানো হয়েছে। এতে প্রায় ৪৬ জন চিকিৎসক এবং শতাধিক কর্মীর ভবিষ্যৎ ঘোর অনিশ্চয়তার মুখে। তিনি হাসপাতালের প্রশাসনিক অসংগতি নিয়েও সরব হন। 

       অন্যদিকে, গ্রুপ-ডি কর্মী রুপেশ দুবে জানান, স্বল্প বেতনে পরিবার চালানোই কঠিন, তার ওপর বদলি বা ছাঁটাইয়ের আশঙ্কা তাঁদের কার্যত পথে বসাবে।

    ​কর্মীদের দাবি- মেডিক্যাল কলেজ গড়ার নামে দীর্ঘদিনের কর্মীদের ছাঁটাই করা চলবে না। তাঁদের চাকরি সুরক্ষিত করতে হবে এবং অনিয়মগুলোর দ্রুত ও নিরপেক্ষ তদন্ত করতে হবে। অবিলম্বে সরকারের পক্ষ থেকে স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন আন্দোলনরত কর্মীরা।

        প্রশ্ন হলো, ​মেডিক্যাল কলেজের মতো বড় প্রকল্পের বাস্তবায়নের পাশাপাশি দীর্ঘদিনের সেবাপ্রদানকারী এই কর্মীদের মানবিক দিকটি কি সরকার গুরুত্ব সহকারে বিবেচনা করবে?

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

বিশ্ব যোগ দিবসে বৃক্ষরোপণ ও গো-সেবা কর্মসূচি