‘গদ্দার’ মন্তব্যে তুঙ্গে রাজনৈতিক তরজা, উত্তপ্ত আসানসোল
রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
আসন্ন ২১ জুলাইয়ের শহীদ দিবস পালনের প্রস্তুতি বৈঠককে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে রাজনৈতিক বাকযুদ্ধ চরমে উঠল।
শনিবার আসানসোলে দলের বৈঠকে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় দলত্যাগীদের ‘গদ্দার’ বলে তীব্র কটাক্ষ করেন। তিনি দাবি করেন, কয়েকজন নেতা দল ছাড়লেও আসানসোলে তৃণমূলের সংগঠন অটুট রয়েছে এবং ২০২৯-এর নির্বাচনে এই অঞ্চল থেকে বিজেপি নিশ্চিহ্ন হয়ে যাবে।
সাংসদের এই মন্তব্যের পাল্টা জবাব দিতে গিয়ে বিজেপি নেত্রী তথা মন্ত্রী অগ্নিমিত্রা পাল তৃণমূলের অন্দরের বিভেদকে সামনে আনেন। তিনি প্রাক্তন মন্ত্রী মলয় ঘটকের ভাই অভিজিৎ ঘটক ও নরেন্দ্রনাথ চক্রবর্তীর প্রসঙ্গ টেনে প্রশ্ন তোলেন, তবে কি এঁদেরও ‘গদ্দার’ বলা হবে? অগ্নিমিত্রার অভিযোগ, গত ১৫ বছরে তৃণমূল সাধারণ মানুষের সঙ্গে প্রতিশ্রুতিভঙ্গ করেছে। তাই অন্যদের বিশ্বাসঘাতক বলার আগে শাসকদলের নিজেদের অতীত ও রাজনৈতিক অবস্থানের মূল্যায়ন করা প্রয়োজন।
‘গদ্দার’ শব্দকে কেন্দ্র করে শাসক ও বিরোধী শিবিরের এই আক্রমণ-পাল্টা আক্রমণে আসানসোলের রাজনৈতিক মহলে তীব্র উত্তাপ ছড়িয়েছে। বিশেষ করে এই তরজায় মলয় ঘটকের প্রসঙ্গ উঠে আসায় নতুন করে জল্পনা শুরু হয়েছে স্থানীয় স্তরে।
Comments
Post a Comment