সরাসরি কথা, দ্রুত সমাধান: আসানসোল পুরনিগমে মন্ত্রীর অভিনব ফোন-ইন কর্মসূচি
রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
প্রশাসনিক অচলাবস্থা কাটিয়ে নাগরিক পরিষেবাকে গতিশীল করতে আসানসোল পুরনিগমে নতুন দিগন্তের সূচনা হলো। পুরবোর্ড ভেঙে দেওয়ার চব্বিশ ঘণ্টার মধ্যেই বৃহস্পতিবার সকাল থেকে পুর কমিশনারের দপ্তরে এক অভিনব ‘লাইভ ফোন-ইন’ কর্মসূচির আয়োজন করেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। সরাসরি সাধারণ মানুষের অভাব-অভিযোগ শোনার এই উদ্যোগ এলাকায় এক নতুন আশার সঞ্চার করেছে।
সকাল ১০টা থেকে মন্ত্রীর দপ্তরে আসা ফোন কলগুলোতে উঠে আসে রাস্তাঘাট, পানীয় জল, নিকাশি ব্যবস্থা এবং বর্জ্য অপসারণের মতো দৈনন্দিন সমস্যার খতিয়ান। মন্ত্রী প্রতিটি অভিযোগ অত্যন্ত ধৈর্য সহকারে শোনেন এবং প্রতিটি অভিযোগকারীর তথ্য নথিভুক্ত করার নির্দেশ দেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন, প্রতিটি সমস্যার দ্রুত নিষ্পত্তি হবে এবং সমাধানের পর তা সরাসরি অভিযোগকারীকে অবগত করা হবে।
এদিনের এই কর্মসূচিতে মন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন জেলাশাসক এস পোন্নাবলম ও পুরনিগমের প্রশাসক অদিতি চৌধুরী। বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে উপস্থিত থাকায় বহু সমস্যার তাৎক্ষণিক সমাধানের নির্দেশও দেওয়া হয়েছে।
প্রশাসনের এই সরাসরি পদক্ষেপ নাগরিক মহলে ইতিবাচক সাড়া ফেলেছে। দীর্ঘদিনের জমে থাকা নাগরিক সমস্যাগুলো এবার দ্রুত মিটবে—এমনটাই প্রত্যাশা করছেন আসানসোলবাসী। স্বচ্ছতা ও দায়বদ্ধতাকে হাতিয়ার করে প্রশাসনের এই সরাসরি সংযোগ কর্মসূচি স্থানীয় স্তরে নাগরিক পরিষেবা উন্নত করার ক্ষেত্রে একটি মাইলফলক হয়ে থাকবে বলে মনে করছেন সচেতন নাগরিকরা।
Comments
Post a Comment