আইনের ঊর্ধ্বে কেউ নন, আদালতের নির্দেশ মানতেই হবে: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা অগ্নিমিত্রা পালের
সংবাদদাতা, নিউজ হিন্দুস্থান -:
আদালতের নির্দেশ মেনে কণ্ঠস্বরের নমুনা দেওয়ার দাবি জানিয়ে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। শুক্রবার আসানসোলের মহিশীলা কলোনিতে দলের এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী স্পষ্ট বলেন, “ভারতবর্ষে কেউ আইনের ঊর্ধ্বে নন। দুর্নীতি ও অত্যাচারের বিচার হবেই। বারবার আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ না করে আপনার উচিত আদালতে হাজিরা দেওয়া এবং বাংলার মানুষের কাছে জবাবদিহি করা।”
এদিন মন্ত্রী রাজ্যের সামগ্রিক উন্নয়ন ও প্রশাসনিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোকপাত করেন। নারী নিরাপত্তা ও ক্ষমতায়ন সরকারের অগ্রাধিকার উল্লেখ করে তিনি বলেন, রাজ্যের প্রতিটি থানায় মহিলা হেল্প ডেস্ক এবং মহকুমা স্তরে মহিলাদের নিরাপত্তায় ‘পিঙ্ক পেট্রোল’ মোতায়েন করা হয়েছে। মহিলাদের ওপর কোনো প্রকার অত্যাচার সরকার বরদাস্ত করবে না।
সাধারণ মানুষের পরিষেবায় বিজেপি বিধায়কদের উদ্যোগে চালু হওয়া ‘সেবা কেন্দ্র’-এর প্রসঙ্গ তুলে তিনি জানান, এখন থেকে আধার কার্ড বা আয় শংসাপত্রের মতো প্রয়োজনীয় নথিপত্রের আবেদন ও সহায়তা মানুষ সম্পূর্ণ বিনামূল্যে পাচ্ছেন। অতীতে পরিষেবা নিয়ে যে ভোগান্তি ছিল, তা অনেকাংশে লাঘব করা সম্ভব হয়েছে।
বর্ষাকালের জলজট প্রসঙ্গে মন্ত্রী বলেন, দীর্ঘদিনের নিকাশি পরিকাঠামোর ত্রুটি সারাইয়ে ছোট-বড় নালা ও ম্যানহোল পরিষ্কারের কাজ চলছে। জলজটপ্রবণ এলাকায় পাম্প প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি, আসন্ন জনগণনার কাজে সরকারি কর্মী ও শিক্ষকদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান তিনি। রথযাত্রাকে ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব হিসেবে উল্লেখ করে সকলকে মতভেদ ভুলে এই উৎসবে শামিল হওয়ার আহ্বানও জানান মন্ত্রী অগ্নিমিত্রা পাল।
Comments
Post a Comment