নাগরিক পরিষেবাকে স্বচ্ছ ও দ্রুত করতে আসানসোলে চালু 'মুখোমুখি' কর্মসূচি
অঙ্কিতা চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
আসানসোল পৌর নিগমের নাগরিক পরিষেবা আরও স্বচ্ছ এবং গতিশীল করার লক্ষ্যে নতুন জনসংযোগ কর্মসূচি 'মুখোমুখি'-র সূচনা করা হলো। এই অভিনব উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষ সরাসরি তাঁদের পৌরসভার পরিষেবা সংক্রান্ত অভাব-অভিযোগ ও সমস্যার কথা কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিতে পারবেন।
পৌর নিগমের পক্ষ থেকে দুটি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে।
মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, এই নম্বরে আসা ফোন তিনি নিজেই রিসিভ করবেন এবং প্রয়োজনে প্রশাসক, কমিশনার ও পুলিশসহ সংশ্লিষ্ট উচ্চপদস্থ আধিকারিকদের মাধ্যমে সমস্যার দ্রুত সমাধানের ব্যবস্থা নিশ্চিত করবেন। প্রথম দিনেই এই কর্মসূচির মাধ্যমে মোট ৩৬টি অভিযোগ নথিভুক্ত হয়েছে এবং সেগুলির সমাধানের প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে।
পাশাপাশি, নগরোন্নয়ন ও পৌর বিষয়ক (UDMA) দপ্তরের উদ্যোগে একটি কেন্দ্রীয় গ্রিভ্যান্স সেল চালু করা হয়েছে। রাজ্যের যেকোনো শহরাঞ্চলের বাসিন্দা এখানে অভিযোগ জানাতে পারবেন, যা স্বয়ংক্রিয়ভাবে সংশ্লিষ্ট পুরসভায় পৌঁছে যাবে। অভিযোগের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তা ড্যাশবোর্ডে সক্রিয় থাকবে। 'স্বচ্ছ' অ্যাপের মতোই এই নতুন গ্রিভ্যান্স ব্যবস্থাতেও প্রতিটি অভিযোগের সমাধানের ওপর কড়া নজরদারি রাখা হবে।
মন্ত্রী স্পষ্ট করেছেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশনায় "মানুষের জন্য, মানুষের দ্বারা, মানুষের সরকার" গড়ে তোলার লক্ষ্যেই এই উদ্যোগ। আসানসোল পৌর নিগম বছরে ৩৬৫ দিন নিরবচ্ছিন্ন পরিষেবা প্রদানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।
Comments
Post a Comment