প্রাক্তন বিধায়কপুত্রের অফিসে পুলিশি হানা, তুঙ্গে রাজনৈতিক জল্পনা


রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:

         দীর্ঘ সময় অন্তরালে থাকার পর বুধবার আবারও শিরোনামে উঠে এলেন জামুড়িয়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক হরেরাম সিংয়ের পুত্র প্রেমপাল সিং। এদিন পাণ্ডবেশ্বর বিধানসভার বহুলা এলাকায় অবস্থিত প্রেমপালের অফিসে হঠাৎই পুলিশি অভিযান চালানো হয়। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

      ​উল্লেখ্য, অতীতে প্রেমপাল সিংয়ের বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ড ও ঔদ্ধত্য নিয়ে রাজনৈতিক মহলে বিস্তর সমালোচনা হয়েছিল। বিশেষ করে তাঁর "মন্ত্রী আমি বানাই" মন্তব্য এবং সরকারি গাড়িতে বেআইনি হুটার ব্যবহারের ঘটনা রাজ্য রাজনীতিতে আলোড়ন ফেলেছিল। এমনকি, এক জনসভায় তৎকালীন মুখ্যমন্ত্রী স্বয়ং হরেরাম সিংকে তাঁর ছেলের আচরণ নিয়ে কড়া সতর্কবার্তা দিয়েছিলেন। 

     ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের পর থেকে প্রেমপালকে এলাকায় দেখা না গেলেও, বুধবার তাঁর অফিসে পুলিশের এই আকস্মিক হানা নতুন করে রাজনৈতিক জল্পনা উস্কে দিয়েছে।

     ​পুলিশি অভিযানের কারণ বা তদন্তের বিষয়বস্তু সম্পর্কে প্রশাসনের তরফে এখনও কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি। তবে এই অভিযান ঘিরে স্থানীয় মানুষের মধ্যে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। ঘটনার নেপথ্যে বড় কোনো রহস্য লুকিয়ে আছে কি না, তা নিয়ে এখন সরগরম এলাকা।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

বিশ্ব যোগ দিবসে বৃক্ষরোপণ ও গো-সেবা কর্মসূচি