চিকিৎসা কেন্দ্রের বদলে গোয়ালঘর: সংস্কারের অপেক্ষায় উপ-স্বাস্থ্য কেন্দ্র
অঙ্কিতা চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
দীর্ঘ ২৩ বছর আগে আদিবাসী অধ্যুষিত গ্রামবাসীদের স্বাস্থ্য পরিষেবা প্রদানের লক্ষ্যে নির্মিত উপ-স্বাস্থ্য কেন্দ্রটি বর্তমানে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। পশ্চিম বর্ধমান জেলার সালানপুর ব্লকের বরাভূই গ্রামের এই সরকারি কেন্দ্রটি এখন রক্ষণাবেক্ষণের অভাবে কার্যত পরিত্যক্ত।
২০০৩ সালে তৎকালীন বামফ্রন্ট সরকারের আমলে স্থাপিত এই কেন্দ্রটি এখন চিকিৎসার সরঞ্জামের পরিবর্তে গো-খাদ্য ও খড় রাখার গুদামে পরিণত হয়েছে। স্থানীয়দের অভিযোগ, দিনের বেলায় এটি গোয়ালঘর হিসেবে ব্যবহৃত হলেও, সন্ধ্যা নামলেই এই পরিত্যক্ত চত্বরটি জুয়া ও মদের আসরে পরিণত হয়, যা গ্রামের সামাজিক পরিবেশ নষ্ট করছে। দীর্ঘ সময় ধরে প্রশাসনিক অবহেলায় লক্ষ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত এই সরকারি সম্পত্তিটি আজ ভগ্নপ্রায়।
রাজ্যে ক্ষমতার পরিবর্তনের পর গ্রামবাসীরা এখন 'ডবল ইঞ্জিন' সরকারের কাছে আশার আলো দেখছেন। বরাভূইয়ের বাসিন্দাদের দাবি, অবিলম্বে স্বাস্থ্য কেন্দ্রটি সংস্কার করে সেখানে নিয়মিত চিকিৎসক ও নার্সের নিয়োগ নিশ্চিত করা হোক। প্রত্যন্ত গ্রামের এই স্বাস্থ্য পরিষেবা পুনর্জীবিত হবে কি না, তা নিয়ে এখন প্রশ্ন তুলছেন স্থানীয়রা। প্রশাসনের দ্রুত পদক্ষেপের দিকেই তাকিয়ে সাধারণ খেটে খাওয়া মানুষজন।
Comments
Post a Comment