সাইবার প্রতারণার জালে মন্ত্রী, হোয়াটসঅ্যাপ হ্যাক করে টাকা হাতানোর চেষ্টা
রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
পশ্চিমবঙ্গের জনস্বাস্থ্য কারিগরি ও পূর্তমন্ত্রী ড. অজয় কুমার পোদ্দারের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করে সাইবার প্রতারণার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। সোমবার তাঁর ব্যক্তিগত মোবাইল নম্বর (৯৪৩৪২৩৮৬৮৪) ব্যবহার করে মন্ত্রীর পরিচিতদের কাছে জরুরি প্রয়োজনের কথা বলে ৩৫ হাজার টাকা দাবি করা হয়।
প্রতারকরা মন্ত্রীর পরিচয় ব্যবহার করে বিভিন্ন ব্যক্তিকে বার্তা পাঠায় যে, তাঁর ইউপিআই (UPI) কাজ করছে না এবং সাহায্যের জন্য কিউআর কোড (QR Code) পাঠিয়ে অর্থ দাবি করে। বর্তমানে মন্ত্রী ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সফর-সংক্রান্ত অনুষ্ঠানে ব্যস্ত রয়েছেন।
মন্ত্রীর পুত্র ও বিজেপি নেতা কেশব পোদ্দার সোশ্যাল মিডিয়ায় সতর্কবার্তা দিয়ে জানান, অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে এবং এই বার্তাগুলির সাথে মন্ত্রীর কোনো সম্পর্ক নেই। তিনি সংশ্লিষ্ট নম্বর থেকে আসা কোনো লেনদেনের অনুরোধে সাড়া না দেওয়ার অনুরোধ জানিয়েছেন। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। এই ঘটনায় সাইবার নিরাপত্তার ঝুঁকি নিয়ে সাধারণ মানুষের মধ্যে তীব্র উদ্বেগের সৃষ্টি হয়েছে।
Comments
Post a Comment