আসানসোল পুরনিগম ভেঙে দিল রাজ্য, প্রশাসক পদে আইএএস অদিতি চৌধুরী
রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
দীর্ঘ টানাপোড়েনের অবসান ঘটিয়ে রাজ্যের পৌর ও নগরোন্নয়ন দপ্তরের নির্দেশে ভেঙে দেওয়া হলো আসানসোল পুরনিগম। পশ্চিমবঙ্গ পৌর কর্পোরেশন আইন, ২০০৬-এর ৬০(১) ধারা অনুযায়ী ৭ জুলাই, ২০২৬ তারিখে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। প্রশাসনিক শূন্যতা এড়াতে এবং নাগরিক পরিষেবা স্বাভাবিক রাখতে পুরনিগমের প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে আইএএস আধিকারিক অদিতি চৌধুরীকে। তিনি বর্তমানে আসানসোল-দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষের (ADDA) সিইও হিসেবে কর্মরত। নতুন বোর্ড গঠিত না হওয়া পর্যন্ত বা সর্বোচ্চ ছয় মাস তিনি এই পদে দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য, বোর্ড মিটিংয়ে অনিয়ম, সম্পত্তি কর সংক্রান্ত সিদ্ধান্ত, প্রশাসনিক অচলাবস্থা এবং নাগরিক পরিষেবায় ব্যর্থতার অভিযোগে পুরনিগমকে আগেই শোকজ করা হয়েছিল। মেয়র বিধান উপাধ্যায় শোকজের ছয় পাতার জবাব দিলেও তাতে সন্তুষ্ট হয়নি রাজ্য সরকার। এরই মধ্যে বোর্ড থেকে ৬ জন কাউন্সিলর ও ২ জন বোরো চেয়ারম্যানের পদত্যাগ এবং পরিষেবা নিয়ে সাধারণ মানুষের ক্ষোভ পরিস্থিতিকে জটিল করে তুলেছিল।
প্রাক্তন মেয়র বিধান উপাধ্যায় এই সিদ্ধান্তকে অনভিপ্রেত ও অগণতান্ত্রিক বলে অভিহিত করলেও, বিজেপি বিধায়ক কৃষ্ণেন্দু মুখার্জ্জী প্রশাসনের এই পদক্ষেপকে সমর্থন করেছেন। এখন প্রশাসনিক প্রশাসক হিসেবে অদিতি চৌধুরীর নেতৃত্বে আসানসোল পুরনিগমের দৈনন্দিন কাজ কত দ্রুত স্বাভাবিক হয়, সেদিকেই নজর থাকবে শহরবাসীর।
Comments
Post a Comment