বিজেপির ‘পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান’ সম্পন্ন রূপনারায়ণপুরে
রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
সংগঠনকে আরও নিটোল করা এবং জনসংযোগ বৃদ্ধির লক্ষ্যে ১২ ও ১৩ জুলাই রূপনারায়ণপুরের আমডাঙায় আয়োজিত হলো দু'দিনব্যাপী বিজেপি-র ‘পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান’। সালানপুর-১ মণ্ডল-৪-এর উদ্যোগে আয়োজিত এই শিবিরে প্রায় ২০০ জন বুথকর্মী ও মণ্ডল নেতৃত্ব অংশ নেন।
ভারত মাতা, দীনদয়াল উপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে শিবিরের সূচনা হয়। জেলা সাধারণ সম্পাদক অপূর্ব হাজরা অনুষ্ঠানের উদ্বোধন করেন। প্রশিক্ষক শুভাশিস ভট্টাচার্য ও অমল রায় উপস্থিত কর্মীদের দলের আদর্শ, সংগঠনের প্রতি নিষ্ঠা ও জনসংযোগের কলাকৌশল সম্পর্কে পাঠ দেন।
শিবিরে শৃঙ্খলা রক্ষায় নেতৃত্বের কড়া বার্তা ছিল প্রধান আলোচনার বিষয়। বর্ষীয়ান নেতা দেবাশীষ গাঙ্গুলি স্পষ্ট জানান, দলের ভাবমূর্তি নষ্ট করে এমন কোনো অনৈতিক কাজ বা ক্ষমতার অপব্যবহার বরদাস্ত করা হবে না।
বিধায়ক অরিজিৎ রায় ও মণ্ডল সভাপতি চিন্ময় তেওয়ারির উপস্থিতিতে কর্মীদের ব্যক্তিকেন্দ্রিক রাজনীতির ঊর্ধ্বে উঠে দলের ঐক্য বজায় রাখার নির্দেশ দেওয়া হয়। আদি কর্মীদের ক্ষোভ প্রশমনে বিধায়ক আশ্বস্ত করেন, প্রত্যেকের অবদান অনুযায়ী সংগঠনে যথাযথ গুরুত্ব দেওয়া হবে।
Comments
Post a Comment