হকার উচ্ছেদ ঘিরে বিতর্ক: তিন আধিকারিককে শোকজ মন্ত্রীর, পুনর্বাসনের আশ্বাস


রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:

     আসানসোল হকার বাজারে হকার উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে প্রশাসনিক অমান্যতার অভিযোগে চাঞ্চল্য ছড়ালো। পূর্বনির্ধারিত সিদ্ধান্ত না মেনেই হকারদের দোকান ভাঙার অভিযোগে তিন আধিকারিককে শোকজ করেছেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। মন্ত্রীর সাফ বার্তা, সরকারি নির্দেশ অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

      ​মন্ত্রী জানান, বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল পুজোর মরসুমে পুরনো হকারদের উচ্ছেদ করা হবে না এবং রাস্তার ধারের অবৈধ দোকানগুলিকে আগে নোটিস দেওয়া হবে। কিন্তু সেই সিদ্ধান্ত কার্যকর হওয়ার আগেই ১০ তারিখে উচ্ছেদ অভিযান চালানোয় ক্ষোভ প্রকাশ করেন তিনি। ৯ তারিখেই তদন্ত প্রক্রিয়া শেষ হওয়া সত্ত্বেও পরদিন কেন এই অভিযান চলল, সেই বিষয়ে আধিকারিকদের কাছ থেকে জবাবদিহি চাওয়া হয়েছে। যদি তাদের কাছ থেকে সন্তোষজনক উত্তর না পাওয়া যায় তাহলে তাদের বিরুদ্ধে সাসপেনশন সহ কড়া প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। 

       মন্ত্রী বলেন, সরকারের ভাবমূর্তি নষ্ট করার চক্রান্তে কিছু অসাধু আধিকারিক জড়িত থাকতে পারেন। তবে ক্ষতিগ্রস্ত হকারদের তালিকা তৈরি করে তাঁদের পুনর্বাসনের আশ্বাস দিয়েছেন তিনি। পাশাপাশি, কেন্দ্রীয় সরকারের 'পিএম স্বনিধি' প্রকল্পের আওতায় তাঁদের স্বল্পসুদে ঋণের সুবিধা দেওয়ার পরিকল্পনাও রয়েছে।

        ফুটপাত পথচারীদের জন্য উন্মুক্ত রাখার ওপর জোর দিয়ে তিনি জানান, উচ্ছেদ নয়, বরং পরিকল্পিত পুনর্বাসনের মাধ্যমেই ব্যবসায়ী ও সাধারণ মানুষের স্বার্থ রক্ষা করা সরকারের মূল লক্ষ্য।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

বিশ্ব যোগ দিবসে বৃক্ষরোপণ ও গো-সেবা কর্মসূচি