সালানপুরে বস্ত্রিকা টেক্সটাইল কারখানার উদ্বোধন করলেন বারাবনির বিধায়ক অরিজিৎ রায়
চিত্তরঞ্জন প্রসাদ, সালানপুর:-
এলাকার বেকার ও দুঃস্থ মানুষের রুটি-রুজির নতুন পথ তৈরি করতে সালানপুর ব্লকে পথ চলা শুরু করল একটি নতুন বস্ত্র উৎপাদন কারখানা। সালানপুর ব্লকের কল্যা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মল্লাডি গ্রামে গড়ে উঠেছে এই ‘বস্ত্রিকা টেক্সটাইল কারখানা’।সম্প্রতি একটি অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ফিতে কেটে এই কারখানার শুভ উদ্বোধন করেন বারাবনির বিধায়ক অরিজিৎ রায় এবং তার মা সুচন্দ্রা রায় সহ অন্যান্য অতিথিরা।
চিত্তরঞ্জনের বাসিন্দা তথা কারখানার মালিক রিতেশ কুমার শর্মার এই মহৎ উদ্যোগে মল্লাডি ও আশেপাশের গ্রামের সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে। কারখানা সূত্রে জানা গেছে এখানে উন্নত মানের বিভিন্ন পোশাক (জামা-কাপড়) তৈরি করা হবে।উৎপাদিত বস্ত্র এই কারখানা থেকে রাজ্যের বিভিন্ন প্রান্ত ও বাইরে সরবরাহ (সাপ্লাই) করা হবে।এলাকার বহু মানুষের, বিশেষ করে দুঃস্থ ও পিছিয়ে পড়া পরিবারের স্থায়ী কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
কারখানার মালিক রিতেশ কুমার শর্মা জানান আমাদের মূল লক্ষ্য হলো স্থানীয় এলাকার গরীব ও সাধারণ মানুষের জন্য রোজগারের একটা স্থায়ী ব্যবস্থা করা। এখানে পোশাক তৈরি করে তা বিভিন্ন বাজারে সরবরাহ করা হবে, যার ফলে এলাকার প্রচুর মানুষ সরাসরি কাজ পাবেন।"
অন্যদিকে, এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বিধায়ক অরিজিৎ রায় বলেন এটি অত্যন্ত প্রশংসনীয় এবং একটি ভালো উদ্যোগ। এলাকার অর্থনৈতিক উন্নয়নের জন্য বড় কারখানার পাশাপাশি এমন ছোট ছোট ক্ষুদ্র ও কুটির শিল্প গড়ে ওঠা খুবই জরুরি। এই ধরনের ছোট কারখানা তৈরি হলে স্থানীয় স্তরে মানুষের কাজ পেতে অনেক সুবিধা হয় এবং গ্রামীণ অর্থনীতি মজবুত হয়।
Comments
Post a Comment