অতিরিক্ত কাজের চাপ ও ডেটা খরচের সমস্যায় সরব সালানপুরের অঙ্গনওয়াড়ি কর্মীরা
অঙ্কিতা চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
অতিরিক্ত কাজের চাপ এবং ডেটা রিচার্জের খরচ না পাওয়ার ক্ষোভ উগরে দিয়ে শুক্রবার রূপনারায়ণপুরের চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসারের (CDPO) কাছে লিখিত অভিযোগ জানালেন সালানপুর প্রকল্পের আওতাধীন অঙ্গনওয়াড়ি কর্মীরা।
কর্মীদের অভিযোগ, অঙ্গনওয়াড়ি প্রকল্পের নিজস্ব কাজের পাশাপাশি তাঁদের দিয়ে মিড-ডে মিল সহ অন্য দপ্তরের বিভিন্ন কাজ করানো হচ্ছে। অথচ, এর জন্য কোনো নির্দিষ্ট ভাতা দেওয়া হয় না। এছাড়া, দীর্ঘদিন ধরে ব্যক্তিগত খরচে ‘পোষণ ট্র্যাকারে’র সমস্ত কাজ করতে হচ্ছে তাঁদের। ডেটা রিচার্জের টাকা বরাদ্দ থাকলেও তা নিয়মিত বা সময়ে না মেলায় কর্মীরা চরম আর্থিক সঙ্কটে পড়েছেন।
রেশমা সিনহা, সোমা চ্যাটার্জী সহ সাতজন কর্মীর যৌথ স্বাক্ষরিত এই স্মারকলিপিতে স্পষ্টভাবে দাবি জানানো হয়েছে যে, বাড়তি কাজের জন্য উপযুক্ত ভাতা দিতে হবে এবং প্রতি মাসের ডেটা রিচার্জের খরচ মাসেই প্রদান করতে হবে। দ্রুত এই সমস্যার সুরাহা না হলে আগামী দিনে কাজ চালিয়ে যাওয়া অসম্ভব হয়ে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তাঁরা।
Comments
Post a Comment