বেতন বৃদ্ধি ও স্থায়ীকরণের দাবিতে আসানসোল জেলা হাসপাতালে বিক্ষোভ
রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
বেতন বৃদ্ধি, চাকরির স্থায়ীকরণ এবং পরিচয়পত্র প্রদানের দাবিতে বুধবার সকাল থেকে কর্মবিরতি পালন করলেন আসানসোল জেলা হাসপাতালের ৩৭ জন অস্থায়ী কর্মী। হাসপাতালের জরুরি বিভাগের সামনে প্ল্যাকার্ড হাতে অবস্থান বিক্ষোভে সামিল হন তাঁরা। এর জেরে হাসপাতাল চত্বরে বেশ কিছুক্ষণ উত্তেজনার সৃষ্টি হয়।
আন্দোলনকারীদের অভিযোগ, করোনা মহামারির সময় থেকে পরিষেবা দিলেও তাঁরা মাত্র ১৫০ টাকা দৈনিক মজুরিতে কাজ করছেন। এই সামান্য বেতনে বর্তমান বাজারদরে সংসার চালানো অসম্ভব হয়ে পড়েছে। কর্তৃপক্ষের কাছে বারবার আবেদন জানিয়েও সুরাহা না মেলায় তাঁরা আন্দোলনের পথ বেছে নিতে বাধ্য হন।
বিকেল সাড়ে পাঁচটা নাগাদ হাসপাতালের সহকারী সুপার কঙ্কন রায় আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসেন। লিখিতভাবে দাবিপত্র জমা দেওয়ার পরামর্শ ও তা গুরুত্ব দিয়ে বিবেচনার আশ্বাসে কর্মীরা আপাতত কর্মবিরতি প্রত্যাহার করে কাজে যোগ দেন।
হাসপাতালের সুপার ডাঃ নিখিল চন্দ্র দাস জানান, আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান করা হয়েছে। তবে কর্তৃপক্ষের পরবর্তী পদক্ষেপের ওপরই আন্দোলনকারীদের ভবিষ্যৎ কর্মসূচি নির্ভর করবে।
Comments
Post a Comment