ব্যবসায়ীর বাড়িতে ও দোকানে দুঃসাহসিক চুরি, লক্ষাধিক টাকার সামগ্রী খোয়া গেল কুলটিতে
রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
কুলটি থানার চৌরাঙ্গী ফাঁড়ির অন্তর্গত কল্যাণেশ্বরী-দেন্দুয়া রোডের কদভিটা মোড়ে এক ব্যবসায়ীর বাড়ি ও সংলগ্ন দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার সকালে চুরির ঘটনাটি নজরে আসতেই এলাকায় নিরাপত্তা নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছেন বাসিন্দারা।
ব্যবসায়ী অনিরুদ্ধ সাউ (পিন্টু) সপরিবারে গত মঙ্গলবার তারাপীঠ গিয়েছিলেন। বৃহস্পতিবার সকালে ফিরে দেখেন, তাঁর বাড়ির টিনের চাল কেটে চোরেরা ভেতরে ঢুকেছে। আলমারি ও বাক্স ভেঙে ৮ হাজার টাকা নগদ এবং বেশ কিছু রুপোর গয়না নিয়ে চম্পট দিয়েছে তারা। শুধু তাই নয়, বাড়ির পাশেই তাঁর নিজস্ব বাসনের দোকানেও হানা দেয় দুষ্কৃতীরা। সেখান থেকে প্রায় ৭০ থেকে ৮০ হাজার টাকা মূল্যের কাঁসা-পিতলের মূল্যবান বাসনপত্র চুরি করে নিয়ে যায় তারা। সব মিলিয়ে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীর দাবি।
Comments
Post a Comment