হকার উচ্ছেদ ঘিরে তোলপাড়, পুরনিগমের বিরুদ্ধে ক্ষোভ বিধায়কের
রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
আসানসোল শহরের জিটি রোডে পুরনিগমের উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে সৃষ্টি হলো ব্যাপক বিতর্ক ও অশান্তি। শুক্রবার সকালে কোনো পূর্ব নোটিশ ছাড়াই আচমকা চালানো এই অভিযানে রাহা লেন মোড় থেকে ইস্টার্ন রেলওয়ে বয়েজ হাইস্কুল পর্যন্ত একাধিক দোকান ভেঙে দেওয়া হয়। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে হকারদের পুনর্বাসনের সুযোগ না দিয়ে এই উচ্ছেদ চলায় তীব্র ক্ষোভ দেখা দেয় ব্যবসায়ীদের মধ্যে। শেষ পর্যন্ত আসানসোল উত্তর কেন্দ্রের বিজেপি বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের হস্তক্ষেপে অভিযান স্থগিত হয়।
শনিবার সকালে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বিধায়ককে ঘিরে ধরে পুরনিগমের এই অমানবিক আচরণের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন। বিধায়ক ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস দিয়ে জানান, তিনি বিষয়টির তদন্ত করবেন।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় বলেন, "এই উচ্ছেদ অভিযান রাজ্য সরকার বা বিধায়ক হিসেবে আমি কোনোভাবেই সমর্থন করি না। পুরনিগমের কিছু আধিকারিক ও ইঞ্জিনিয়ার তৃণমূলের দ্বারা প্রভাবিত হয়ে ইচ্ছাকৃতভাবে অশান্তি সৃষ্টির চেষ্টা করছেন।" তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, দায়ী আধিকারিকদের বিরুদ্ধে প্রয়োজনে এফআইআর করা হবে।
উল্লেখ্য, বৃহস্পতিবার পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল এলাকা পরিদর্শনের পর ১৫ দিনের সময়সীমা বেঁধে দিয়ে নোটিশ জারি করেছিলেন। অথচ, সেই সময়সীমা অমান্য করেই শুক্রবার তড়িঘড়ি উচ্ছেদ অভিযান চালানো হয়। মন্ত্রী অগ্নিমিত্রা পালের নির্দেশকে কার্যত অগ্রাহ্য করেই কেন এই অভিযান, তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিধায়কের অভিযোগ, রাজ্য সরকারকে বদনাম করার জন্যই কিছু অসাধু আধিকারিক এই চক্রান্ত করেছেন। এই ঘটনায় গোটা শহরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
Comments
Post a Comment