আসানসোল বাজার আধুনিকীকরণের উদ্যোগ: দীর্ঘদিনের হকারদের পুনর্বাসনের আশ্বাস মন্ত্রী অগ্নিমিত্রা পালের


রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -: 



       শহরকে পরিকল্পিত ও নিরাপদ করে তোলার লক্ষ্যে রবিবার আসানসোল বাজার এলাকা পরিদর্শন করলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। পুরনিগমের আধিকারিক ও বাজার কমিটির সদস্যদের নিয়ে এলাকা ঘুরে দেখার পর মন্ত্রী জানান, বাজারকে আধুনিক ও সুশৃঙ্খল করে তোলাই সরকারের প্রধান লক্ষ্য।

      ​দীর্ঘদিন ধরে ব্যবসা করা হকারদের বিষয়ে মন্ত্রী আশ্বস্ত করে বলেন, পুরনো হকারদের উচ্ছেদ নয়, বরং পুনর্বাসন দেওয়া হবে। ইতিমধ্যেই তিনটি জায়গা চিহ্নিত করা হয়েছে, যেখানে ২০ থেকে ৪০ বছর ধরে ব্যবসা করা হকারদের স্থানান্তরের পরিকল্পনা রয়েছে। তবে রাস্তার ওপর বিপজ্জনকভাবে দোকান বসিয়ে বা গ্যাস জ্বালিয়ে রান্নার মাধ্যমে যান চলাচলে বাধা সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দুর্গা মন্দিরের সামনে ও রাস্তার দখলকারী হকারদের ছটপুজো পর্যন্ত সময় দিয়ে নোটিস দেওয়া হচ্ছে।

       ​এছাড়া, শহরের সামগ্রিক উন্নয়নের অংশ হিসেবে কালিপাহাড়ি থেকে দামোদর ফ্লাইওভার পর্যন্ত রিভারফ্রন্ট নির্মাণ এবং দামোদরের ওপর নতুন সেতু তৈরির পরিকল্পনা রয়েছে, যা আসানসোল ও বাঁকুড়ার যোগাযোগ ব্যবস্থা উন্নত করবে। পথচারীদের নিরাপত্তার জন্য হটন রোডসহ শহরের বিভিন্ন এলাকায় ফুটপাত নির্মাণেরও নির্দেশ দেওয়া হয়েছে। মন্ত্রী স্পষ্ট করেন, শহরের উন্নয়ন এবং ব্যবসায়ীদের জীবিকার মধ্যে ভারসাম্য বজায় রেখেই কাজ করবে প্রশাসন।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

বিশ্ব যোগ দিবসে বৃক্ষরোপণ ও গো-সেবা কর্মসূচি