ড্যামে স্নান করতে নেমে মর্মান্তিক দুর্ঘটনা: তলিয়ে মৃত্যু যুবকের, রূপনারায়ণপুরে শোকের ছায়া


চিত্তরঞ্জন প্রসাদ, সালানপুর:-

সন্ধ্যা আরতি দেওয়ার আগে পবিত্র হওয়ার উদ্দেশ্যে স্নান করতে যাওয়াই কাল হলো। হিন্দুস্তান কেবেলসের ড্যামে স্নান করতে নেমে গভীর জলে তলিয়ে গিয়ে মর্মান্তিক মৃত্যু হলো এক যুবকের। মৃত যুবকের নাম রবি সোরেন (৩০)। আজ এই হৃদয়বিদারক ঘটনাটিকে কেন্দ্র করে রূপনারায়ণপুর ও সংলগ্ন এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বিকেলে আরতি দেওয়ার আগে স্নান করার উদ্দেশ্যে তিনি স্থানীয় হিন্দুস্তান কেবেলসের ড্যামে যান। কিন্তু স্নান করার সময় আচমকাই তিনি নিয়ন্ত্রণ হারিয়ে জলাশয়ের গভীর জলে তলিয়ে যান। বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পরও তিনি ডাঙায় ফিরে না আসায় স্থানীয় বাসিন্দাদের মনে সন্দেহ জাগে। এলাকায় শোরগোল পড়ে যায় এবং স্থানীয়রা জলাশয়ের পাড়ে ভিড় করতে শুরু করেন।
ঘটনার খবর পাওয়া মাত্রই দ্রুত তৎপরতার সাথে ঘটনাস্থলে পৌঁছায় সালানপুর থানার রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ।প্রথমে পুলিশ ও স্থানীয় বাসিন্দারা যৌথভাবে জলাশয়ে নেমে প্রাথমিকভাবে উদ্ধারকাজ ও তল্লাশি শুরু করেন।কিন্তু ড্যামের জলের গভীরতা অতিরিক্ত বেশি থাকায় সাধারণ উপায়ে উদ্ধারকাজ চালানো অসম্ভব হয়ে পড়ে। পরিস্থিতি বিবেচনা করে পুলিশ প্রশাসন দ্রুত বিপর্যয় মোকাবিলা বাহিনীকে (Disaster Management Team) খবর দেয়।খবর পেয়ে বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে এসে ড্যামের মাঝখান থেকে তলিয়ে যাওয়া যুবকের নিথর দেহ উদ্ধার করেন।পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠিয়েছে।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

বিশ্ব যোগ দিবসে বৃক্ষরোপণ ও গো-সেবা কর্মসূচি