আসানসোলের রাজনীতিতে চাঞ্চল্য: মেয়রের সঙ্গে বিরোধী নেতার সাক্ষাৎ ঘিরে তুঙ্গে জল্পনা
রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
তৃণমূলের অভ্যন্তরীণ কোন্দলের আবহে আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায়ের সঙ্গে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সোমবারের সাক্ষাৎকার রাজনৈতিক মহলে প্রবল জল্পনার জন্ম দিয়েছে। মেয়রের কর্মপদ্ধতি নিয়ে দলের অন্দরেই যখন প্রশ্ন উঠছে, ঠিক তখনই এই ‘হাই-প্রোফাইল’ বৈঠক নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে।
গত শনিবার তৃণমূলের প্রাক্তন জেলা সম্পাদক শুভাশিস মুখোপাধ্যায়ের সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে মেয়রের ভূমিকা নিয়ে দলের অন্দরে অস্বস্তি দানা বাঁধে। সেই রেশ কাটতে না কাটতেই সোমবার বিরোধী নেতার সঙ্গে মেয়রের এই সাক্ষাতের ঘটনাটি সাধারণ সৌজন্য নাকি নেপথ্যে রয়েছে অন্য কোনো রাজনৈতিক কৌশল, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
উভয় পক্ষই এই বৈঠক নিয়ে নীরব থাকায় রহস্য আরও ঘনীভূত হয়েছে। তৃণমূলের একাংশ বিষয়টিকে গুরুত্ব না দিলেও, রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই সাক্ষাতের ‘টাইমিং’ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দলীয় নেতৃত্বের সংকটকালে এই সাক্ষাৎ নতুন কোনো রাজনৈতিক অধ্যায়ের সূচনা কি না, সেই উত্তরের অপেক্ষায় শিল্পাঞ্চল।
Comments
Post a Comment