খনিতে জোরালো বিস্ফোরণ, জলশূন্য গ্রামের পুকুর, ক্ষোভে ফুঁসছে জামুড়িয়া

রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:

      গভীর রাতে ইসিএলের কেন্দা ওপেন কাস্ট প্রজেক্টে জোরালো বিস্ফোরণের জেরে বিপর্যস্ত জনজীবন। বিস্ফোরণের প্রভাবে সংলগ্ন কেনার গ্রামের একটি আস্ত পুকুর কার্যত জলশূন্য হয়ে পড়ায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

          ​স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, শনিবার  গভীর রাতে খনিতে প্রচণ্ড শব্দে বিস্ফোরণ ঘটানো হয়। সেই কম্পনের তীব্রতায় পুকুরের বাঁধের একাংশ ভেঙে যায়। ফলে মুহূর্তের মধ্যে পুকুরের বিপুল পরিমাণ জল দ্রুত ধসে যাওয়া খনির দিকে নেমে যায়। আজ সকালে গ্রামবাসী ঘুম থেকে উঠে দেখেন, তাঁদের ব্যবহারের একমাত্র জলের উৎসটি প্রায় শুকিয়ে গেছে।

       ​গ্রামবাসীদের আক্ষেপ, গৃহস্থালির কাজ থেকে শুরু করে পশুপালনের জন্য এই পুকুরটির ওপরই নির্ভরশীল ছিলেন তাঁরা। হঠাৎ জলশূন্য হওয়ায় চরম সংকটে পড়েছেন সাধারণ মানুষ। 
পাশাপাশি, বিস্ফোরণের আগে কোনো সতর্কবার্তা না দেওয়ায় খনি কর্তৃপক্ষের চরম গাফিলতির অভিযোগ তুলেছেন এলাকাবাসী। 

       ঘটনার পর থেকে খনি কর্তৃপক্ষের কোনো সদুত্তর পাওয়া যায়নি। পরিস্থিতি সামাল দিতে প্রশাসন বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গেছে। ক্ষুব্ধ গ্রামবাসীরা অবিলম্বে নিরপেক্ষ তদন্ত ও যথাযথ ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

বিশ্ব যোগ দিবসে বৃক্ষরোপণ ও গো-সেবা কর্মসূচি