অন্নপূর্ণা যোজনার বকেয়া টাকার দাবিতে উত্তপ্ত সালানপুর বিডিও অফিস
রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
অন্নপূর্ণা যোজনার বকেয়া টাকা না পাওয়ার অভিযোগে সোমবার সালানপুর ব্লক অফিসে তুমুল বিক্ষোভ দেখালেন শতাধিক উপভোক্তা। এদিন ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে মহিলারা বিডিও অফিসে চড়াও হয়ে বিডিও-কে ঘিরে ধরে তাঁদের ক্ষোভ উগরে দেন।
বিক্ষোভকারী মহিলাদের অভিযোগ, দীর্ঘ সময় ধরে সমস্ত নিয়ম মেনে অনলাইনে আবেদন করা সত্ত্বেও তাঁদের অ্যাকাউন্টে সরকারি প্রকল্পের টাকা ঢুকছে না। মাসের পর মাস পেরিয়ে গেলেও মিলছে না ন্যায্য পাওনা, যার ফলে চরম আর্থিক সংকটে ভুগছেন তাঁরা। কেন এই বঞ্চনা, সেই সদুত্তর পেতেই তাঁরা বিডিও-র চেম্বারে সোচ্চার হন।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিডিও বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন। তিনি সমস্ত আবেদন খতিয়ে দেখে প্রশাসনিক নিয়ম মেনে ধাপে ধাপে টাকা প্রদানের প্রতিশ্রুতি দিলে পরিস্থিতি শান্ত হয়। তবে এই বিষয়ে সংবাদমাধ্যমের সামনে কোনো মন্তব্য করতে অস্বীকার করেন বিডিও। প্রশাসনিক গড়িমসির জেরেই এই বিক্ষোভ বলে অভিযোগ স্থানীয়দের।
Comments
Post a Comment