আসানসোল পুরনিগম ভেঙে দিল রাজ্য সরকার, প্রশাসক হিসেবে নিযুক্ত অদিতি চৌধুরী
রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
দীর্ঘ টানাপোড়েন ও প্রশাসনিক অচলাবস্থার অবসান ঘটিয়ে অবশেষে আসানসোল পুরনিগমের বোর্ড ভেঙে দিল রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তর। গত ৭ জুলাই জারিকৃত সরকারি নির্দেশে পশ্চিমবঙ্গ পৌর কর্পোরেশন আইন, ২০০৬-এর ৬০(১) ধারা অনুযায়ী এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। প্রশাসনিক শূন্যতা রোধ ও নাগরিক পরিষেবা সচল রাখতে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ (ADDA)-এর সিইও তথা প্রাক্তন পুর কমিশনার আইএএস অফিসার অদিতি চৌধুরীকে পুরনিগমের প্রশাসক হিসেবে নিয়োগ করা হয়েছে।
সাম্প্রতিক কালে বোর্ড মিটিং না হওয়া, সম্পত্তি কর মকুব সংক্রান্ত বিতর্ক এবং নাগরিক পরিষেবায় অনিয়মের অভিযোগ তুলে পুরনিগমকে শোকজ করেছিল রাজ্য সরকার। মেয়র বিধান উপাধ্যায় মঙ্গলবার ই-মেইলের মাধ্যমে ছয় পাতার জবাব দিলেও তাতে সন্তুষ্ট হয়নি প্রশাসন। নতুন নির্বাচিত বোর্ড দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত অথবা সর্বোচ্চ ছয় মাস প্রশাসকের হাতেই থাকবে পুরনিগমের সমস্ত ক্ষমতা।
বোর্ড ভেঙে দেওয়ার বিষয়ে প্রাক্তন মেয়র বিধান উপাধ্যায় একে অগণতান্ত্রিক বলে অভিহিত করলেও নতুন প্রশাসককে পরিষেবার জন্য শুভেচ্ছা জানিয়েছেন।
অন্যদিকে, আসানসোল উত্তরের বিজেপি বিধায়ক কৃষ্ণেন্দু মুখার্জ্জী এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে কাউন্সিলরদের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন।
জানা যাচ্ছে, ইতিমধ্যে পৌরনিগম থেকে মেয়র সহ ডেপুটি মেয়র এবং মেয়র পরিষদের চেম্বারের বাইরের নামের বোর্ড সরিয়ে নেওয়া হয়েছে।
Comments
Post a Comment