পুলিশের জোড়া অভিযান: বিপুল পরিমাণ মদ ও অবৈধ লটারি সহ ধৃত ২
রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
রাজ্যের বেআইনি কারবারের বিরুদ্ধে বিশেষ পুলিশি অভিযানের অংশ হিসেবে কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ লছিপুর এলাকায় ব্যাপক অভিযান চালিয়ে সাফল্য পেল। মঙ্গলবার পৃথক অভিযানে বিপুল পরিমাণ অবৈধ মদ ও ঝাড়খণ্ড লটারির টিকিট সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, লছিপুর এলাকায় অভিযান চালিয়ে প্রচুর দেশি ও বিদেশি মদ উদ্ধার করা হয়। এই ঘটনায় ভীম মাজি নামে একজনকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্যদিকে, একই এলাকার লছিপুর গেট থেকে অবৈধ ঝাড়খণ্ড লটারির কারবারে যুক্ত থাকার অভিযোগে সুরজ সাউ নামে আরও এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে প্রচুর পরিমাণ লটারির টিকিট ও সংশ্লিষ্ট সামগ্রী বাজেয়াপ্ত করা হয়।
ধৃতদের মঙ্গলবার আসানসোল জেলা আদালতে তোলা হয়। তদন্তের প্রয়োজনে তাদের ৫ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, এই অবৈধ লটারি চক্রের সঙ্গে আরও অনেকে জড়িত রয়েছে। মূল পান্ডাদের ধরতে জোরদার তল্লাশি চলছে। এলাকায় মদ ও মাদকের কারবারের বিরুদ্ধে এই অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে বলে পুলিশ প্রশাসন জানিয়েছে।
Comments
Post a Comment