ভুয়ো হেলমেটের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান, উদ্ধার প্রচুর সামগ্রী
অঙ্কিতা চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
সড়ক নিরাপত্তা সুনিশ্চিত করতে এবং বাজারে নিম্নমানের হেলমেটের রমরমা রুখতে বুধবার আসানসোলের বিএনআর অঞ্চলে বিশেষ অভিযান চালাল আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগ। ডিসি (ট্রাফিক) পিবিজি সতীশের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে হেলমেট বিক্রেতাদের একাধিক দোকানে তল্লাশি চালানো হয়।
অভিযানে বেশ কয়েকটি দোকানে নকল ও ভুয়ো আইএসআই মার্কাযুক্ত হেলমেট বিক্রির প্রমাণ মেলে। ট্রাফিক পুলিশের পক্ষ থেকে অবিলম্বে ওই সমস্ত নিম্নমানের হেলমেট বাজেয়াপ্ত করা হয়। পুলিশ আধিকারিকদের মতে, এই নকল হেলমেটগুলো দুর্ঘটনার সময় মাথা রক্ষায় পর্যাপ্ত সুরক্ষা দিতে অক্ষম, যা পথচারীদের প্রাণহানির ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়।
পুলিশ কমিশনারেটের তরফে স্পষ্ট জানানো হয়েছে, জননিরাপত্তার স্বার্থে বাজারে এই ধরণের মানহীন হেলমেট বিক্রি বন্ধ করতে অভিযান আগামী দিনে আরও জোরদার করা হবে। আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। সাধারণ মানুষকে সতর্ক করে ট্রাফিক পুলিশের আবেদন, জীবনের সুরক্ষার খাতিরে শুধুমাত্র বৈধ ও সঠিক আইএসআই মার্কযুক্ত হেলমেটই ব্যবহার করুন।
Comments
Post a Comment