ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত বীরভূমের তাঁতনি গ্রাম, ক্ষতিগ্রস্ত বহু পরিবার
সৌভিক সিকদার, নিউজ হিন্দুস্থান -:
সোমবারের প্রবল কালবৈশাখী ঝড়ে বীরভূমের পারুই থানার অন্তর্গত তাঁতনি গ্রাম ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ের দাপটে গ্রামের বহু কাঁচা বাড়ি কার্যত ধূলিসাৎ হয়ে গেছে। অধিকাংশ বাড়ির চাল উড়ে যাওয়ায় খোলা আকাশের নিচে অসহায় দিন কাটছে গ্রামবাসীর।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলের পর হঠাৎই ঝোড়ো হাওয়ার সঙ্গে প্রবল বৃষ্টি শুরু হয়। মুহূর্তের মধ্যে তাসের ঘরের মতো ভেঙে পড়ে বেশ কিছু বাড়ির দেওয়াল, দরজা ও জানালা। ঝড়ের দাপটে টিনের চাল উড়ে যাওয়ায় ঘরবন্দি পরিবারগুলোর নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র, বিছানাপত্র ও খাদ্যসামগ্রী সম্পূর্ণ ভিজে নষ্ট হয়ে গিয়েছে। সকাল হতেই ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র প্রকাশ্যে আসতেই উদ্বেগ ও অনিশ্চয়তা গ্রাস করেছে গোটা গ্রামকে।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলি দ্রুত প্রশাসনিক সহায়তা ও ত্রাণের দাবিতে সরব হয়েছে। প্রশাসনের কাছে গ্রামবাসীর কাতর আরজি, দ্রুত ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখে যেন জরুরি ভিত্তিতে পুনর্বাসন ও প্রয়োজনীয় সাহায্যের ব্যবস্থা করা হয়। পরিস্থিতি সামাল দিতে স্থানীয় স্তরে প্রশাসনিক তৎপরতার অপেক্ষায় রয়েছেন গ্রামবাসী।
Comments
Post a Comment