জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে টিকাকরণ কর্মসূচি: সূচনা করলেন বিধায়ক
অঙ্কিতা চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে রাজ্যজুড়ে শুরু হয়েছে এইচপিভি (HPV) টিকাকরণ কর্মসূচি। এই কর্মসূচির অঙ্গ হিসেবে শনিবার সালানপুর ব্লকের পিঠাকিয়ারি হাসপাতালে ১৪-১৫ বছর বয়সী কিশোরীদের এই বিশেষ প্রতিষেধক দেওয়া শুরু হলো। অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন বারাবনির বিধায়ক অরিজিৎ রায়। এদিন প্রথম পর্যায়ে ১৪ জন কিশোরীকে টিকা দেওয়া হয় এবং তাদের হাতে শংসাপত্র তুলে দেন বিধায়ক।
ব্লক স্বাস্থ্য আধিকারিক ডা. বিনয় রায় জানান, এই প্রতিষেধক সারা জীবনে একবারই নিতে হয়। সালানপুর ব্লকে প্রায় দেড় হাজার কিশোরীকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে তালিকা তৈরির কাজ চলছে এবং সপ্তাহে ছুটির দিন বাদে প্রতিদিন ৩০-৩৫ জন কিশোরীকে এই টিকা দেওয়া হবে। ডা. রায়ের মতে, রাজ্যে প্রতি বছর জরায়ুমুখ ক্যান্সারে প্রায় চার হাজার মহিলার মৃত্যু হয়। সরকারি উদ্যোগে বিনা মূল্যে এই টিকা প্রদান নিঃসন্দেহে মহিলাদের স্বাস্থ্য সুরক্ষায় এক যুগান্তকারী পদক্ষেপ।
এদিন টিকাকরণ কর্মসূচির পাশাপাশি, প্রয়াত গীতা নিয়োগীর স্মরণে হাসপাতাল চত্বরে সাধারণ মানুষের জন্য একটি ওয়াটার কুলারেরও উদ্বোধন করেন বিধায়ক অরিজিৎ রায়।
Comments
Post a Comment