অন্ডাল থেকে বৈষ্ণোদেবী: দুই হাজার কিলোমিটার দীর্ঘ পদযাত্রায় যুবক বাবন বাউরি


অঙ্কিতা চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
       অদম্য জেদ ও অগাধ ভক্তিকে সঙ্গী করে সুদূর জম্মুর বৈষ্ণোদেবী দর্শনের উদ্দেশ্যে এক অসাধারণ তীর্থযাত্রা শুরু করলেন অন্ডালের খান্দরা এলাকার নাগ কাজোড়া কোলিয়ারির বাসিন্দা ২৮ বছর বয়সী যুবক বাবন বাউরি। হাতে জাতীয় পতাকা নিয়ে ৪৫ দিনের লক্ষ্যমাত্রা নিয়ে প্রায় ২০০০ কিলোমিটার পথ পাড়ি দেওয়ার সংকল্প করেছেন তিনি।

         ​শুক্রবার সকাল ন’টায় বাড়ি থেকে বের হওয়ার সময় বাবনের চোখেমুখে ছিল এক অনন্য দৃঢ়তা। তার কথায়, “সবটাই ভগবানের আশীর্বাদ ও প্রকৃতির ওপর নির্ভর করছে।” বাবনের এই দীর্ঘ ও কঠিন যাত্রার কথা জানতে পেরে তাকে উৎসাহ দিতে রাস্তায় নেমে আসেন এলাকার মানুষ। কেউ অর্থ সাহায্য, কেউ বা শুকনো খাবার দিয়ে তার পাশে দাঁড়িয়েছেন। অনেকে তাকে আশীর্বাদ ও শুভেচ্ছা জানিয়ে বিদায় জানিয়েছেন।

        ​একজনের তীর্থযাত্রা হলেও বাবনের এই উদ্যোগ আজ গোটা এলাকার আবেগের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। চারপাশের অস্থিরতার মাঝে বাবনের এই যাত্রা যেন এক নতুন অনুপ্রেরণার নাম। একদিকে ভক্তি, অন্যদিকে অসীম সাহস ও ইচ্ছাশক্তি—সব মিলিয়ে মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন এই যুবক। তার এই দীর্ঘ পদযাত্রা এখন খবরের শিরোনামে। ৪৫ দিন পর গন্তব্যে পৌঁছে মাতার চরণে প্রণাম করার অপেক্ষায় প্রহর গুনছেন অন্ডালবাসী।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

জামগ্রাম অঞ্চলে দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়