বর্ণাঢ্য আয়োজনে নজরুলের ১২৭তম জন্মজয়ন্তী পালন ও নজরুল মেলার সূচনা
অঙ্কিতা চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী পালিত হলো তাঁর জন্মভিটে চুরুলিয়ায়। একই সঙ্গে আজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ৪৬তম ঐতিহ্যবাহী নজরুল মেলা।
মঙ্গলবার সকালে নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. উদয় বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে এক বর্ণাঢ্য প্রভাতফেরির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। চুরুলিয়ার বিভিন্ন পথ পরিক্রমা করে শোভাযাত্রাটি কবির সমাধিস্থলে গিয়ে শেষ হয়। সেখানে প্রধান অতিথি কবির সুযোগ্য ভ্রাতুষ্পুত্র জনাব আলী রেজা এবং বিশ্ববিদ্যালয়ের উচ্চপদস্থ আধিকারিক ও কবি-অনুরাগীরা কবির প্রতি পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
স্থানীয় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রভাতফেরিটি অনন্য মাত্রা পায়। আয়োজকরা জানান, কবির জন্মজয়ন্তী ও নজরুল মেলাকে কেন্দ্র করে চুরুলিয়াজুড়ে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। মেলা প্রাঙ্গণে আগামী দিনগুলোতে কবির জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কবির স্মরণে চুরুলিয়ার প্রতিটি প্রান্তে আজ শ্রদ্ধার সুর ধ্বনিত হচ্ছে।
Comments
Post a Comment