ক্রেসার মেশিনের দূষণে অতিষ্ঠ মহেশপুর: সালানপুরের কারখানায় গ্রামবাসীদের বিক্ষোভ
রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
অতিরিক্ত ক্রেসার মেশিনের দূষণে অতিষ্ঠ হয়ে সাতসকালেই বিক্ষোভের পথ বেছে নিলেন দেন্দুয়া গ্রাম পঞ্চায়েতের মহেশপুরের বাসিন্দারা। শুক্রবার সালানপুরের ‘রামদূত মেটলয়েস প্রাইভেট লিমিটেড’ কারখানার গেটের সামনে বিজেপির পতাকাতলে জড়ো হয়ে এই বিক্ষোভ প্রদর্শন করেন তারা। এলাকাবাসীর দাবি, অবিলম্বে ওই দূষণকারী ক্রেসার মেশিনটি অন্যত্র সরিয়ে নিয়ে যেতে হবে।
আন্দোলনকারীদের অভিযোগ, গত ১৮ এপ্রিল ত্রিপাক্ষিক বৈঠকের পর কারখানা কর্তৃপক্ষ ক্রেসার সরানোর প্রতিশ্রুতি দিলেও ভোটের পর তারা প্রতিশ্রুতি ভেঙে তা পুনরায় চালু করেছে। এর ফলে এলাকায় দূষণের মাত্রা মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে। উত্তেজনা চরমে উঠলে কল্যাণেশ্বরী ফাঁড়ির বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়।
পুলিশ বিক্ষোভকারীদের সঙ্গে দীর্ঘ আলোচনা করে আগামী সোমবার পর্যন্ত সময় চেয়ে নিয়েছে। প্রশাসনের যথাযথ পদক্ষেপের আশ্বাসে গ্রামবাসীরা আপাতত আন্দোলন স্থগিত করেছেন। তবে মহেশপুরের বাসিন্দাদের স্পষ্ট হুঁশিয়ারি, সোমবারের মধ্যে সমস্যার স্থায়ী সমাধান না হলে তারা বৃহত্তর আন্দোলনের পথে নামবেন। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।
Comments
Post a Comment