নিশীথের নীরবতা ভেঙে সুকান্ত ময়দানে ফের সংঘর্ষের ছায়া
রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
রাত যত গভীর হয়, শহরের কোলাহল ততই স্তব্ধ হয়ে আসে। অথচ সেই নীরব রাতেই ফের অশান্তির আগুন জ্বলে উঠল আসানসোল দক্ষিণ থানার সুকান্ত ময়দানে। দুই গোষ্ঠীর বচসা থেকে শুরু, মুহূর্তেই তা গড়াল হাতাহাতি ও মারপিটে। সংঘর্ষের খবর ছড়িয়ে পড়তেই রাতের অন্ধকারে আতঙ্কের ছায়া নামে এলাকায়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় আসানসোল দক্ষিণ থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে নামে বিশাল পুলিশ বাহিনী। ঘটনাস্থলে পৌঁছন ডিসিপি সেন্ট্রাল সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও, রাতের সেই উত্তেজনার রেশ রয়ে গিয়েছে স্থানীয়দের মনে।
সুকান্ত ময়দানে রাতের অশান্তি অবশ্য নতুন নয়। অতীতেও একইভাবে সংঘর্ষের ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে, এমনকি নির্বাচনের আগেও গভীর রাতে ঘটেছিল অশান্তি। তাই ফের একই ছবি সামনে আসতেই উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন।
কেন বারবার রাতের আঁধারে অশান্তির আগুন জ্বলে ওঠে? পুলিশি তৎপরতায় মুহূর্তের উত্তাপ থামলেও, স্থায়ী শান্তির পথ কি এখনও অধরা? উত্তর খুঁজছে তদন্ত।
Comments
Post a Comment