১২০ প্রকার দ্রব্যে জগন্নাথের অভিষেক: আসানসোলে পালিত শতবর্ষের ঐতিহ্যবাহী ব্যতিক্রমী স্নানযাত্রা
শুক্লা ব্যানার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
ভক্তি, আবেগ ও শাস্ত্রীয় আড়ম্বরের মিশেলে শ্রী শ্রী গৌরাঙ্গ মন্দির ও মা অন্নপূর্ণা ভান্ডারা মন্দিরে পালিত হলো জগন্নাথদেবের ঐতিহ্যবাহী স্নানযাত্রা। ১০২ বছর ধরে চলে আসা এই বিশেষ উৎসবকে কেন্দ্র করে আসানসোল, দুর্গাপুর, পুরুলিয়া ও কলকাতা তো বটেই, এমনকি ঝাড়খণ্ডের বিভিন্ন প্রান্ত থেকে আগত ভক্তদের ভিড়ে মুখরিত হয়ে ওঠে মন্দির চত্বর।
এই উৎসবের অন্যতম আকর্ষণ এর ব্যতিক্রমী রীতি। মন্দিরের সেবাইত হরেকৃষ্ণ বাবা জানান, শাস্ত্রীয় নিয়ম অনুযায়ী স্নানযাত্রার পর জগন্নাথ মন্দির ১৫ দিন বন্ধ থাকার বিধান থাকলেও, এখানে সীতারামবাবার নির্দেশিত প্রথা মেনে মা অন্নপূর্ণা ও অন্যান্য দেব-দেবীর নিত্য ভোগ-নিবেদন অব্যাহত থাকে। এদিন ১২০ প্রকার পবিত্র দ্রব্য দিয়ে জগন্নাথদেবকে স্নান করানো হয়। সাত সমুদ্রের জল, বিভিন্ন পবিত্র তীর্থের মৃত্তিকা এবং পঞ্চদ্রব্য (ঘি, মধু, দুধ, দই ও চিনি) মিশিয়ে দেবতাকে স্নান করানোর দৃশ্য ছিল দেখার মতো।
সেবাইত হরেকৃষ্ণ বাবা আরও জানান, রাজ্য সরকারের আর্থিক অনুদান এই বছর উৎসবের জৌলুস বাড়িয়ে দিয়েছে। ভক্তদের ভালোবাসা ও প্রশাসনিক সহযোগিতায় এ বছর আয়োজনটি আরও প্রাণবন্ত হয়ে উঠেছে। দূর-দূরান্ত থেকে আসা পুণ্যার্থীদের পদভারে সারাদিন মন্দির প্রাঙ্গণ ছিল আধ্যাত্মিক আমেজে ভরপুর। জগন্নাথদেবের দর্শনে আপ্লুত ভক্তরা জানান, এই বিশেষ স্নানযাত্রার সাক্ষী হতে পেরে তাঁরা ধন্য।
Comments
Post a Comment