শিশু হত্যাকাণ্ড: অভিযুক্তকে জনতার হাতে তুলে দেওয়ার দাবিতে জিটি রোড অবরোধ, বিক্ষোভে উত্তপ্ত এলাকা
রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
আসানসোল দক্ষিণ থানার লোয়ার ছিন্নমস্তা এলাকার তুড়িপাড়ায় ছয় বছরের শিশু ঋত্বিক রুজের নৃশংস হত্যাকাণ্ডকে কেন্দ্র করে শুক্রবার বিকেলে তীব্র উত্তেজনা ছড়াল। অভিযুক্তকে উন্মত্ত জনতার হাতে তুলে দেওয়ার দাবিতে পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা জিটি রোডের ভগত সিং মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হন।
গত রবিবার বাড়ির কাছের জঙ্গল থেকে ঋত্বিকের দেহ উদ্ধারের পর ময়নাতদন্তে স্পষ্ট হয় যে, গলা টিপে শ্বাসরোধ করে তাকে খুন করা হয়েছে। এই ঘটনায় গত বুধবার প্রতিবেশী শিবনাথ তুড়িকে গ্রেপ্তার করে পুলিশ। জেরায় ধৃত অপরাধের কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।
শুক্রবার এই স্বীকারোক্তির খবর চাউর হতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। তাঁরা অভিযুক্তকে তাঁদের হাতে সমর্পণের দাবি জানান। দীর্ঘক্ষণ চলা এই অবরোধে জিটি রোডে যান চলাচল ব্যাহত হয়।
খবর পেয়ে এসিপি (সেন্ট্রাল-১) আব্দুল গফফরের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে কঠোর আইনি ব্যবস্থার আশ্বাস দেয়।
Comments
Post a Comment