ধুলোর চাদরে দমবন্ধ আসানসোল: সেনরেলে রোডে ধুঁকছে শত শত গাছ
রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
পরিবেশ রক্ষায় কোটি কোটি টাকা ব্যয়ে সবুজায়নের প্রচার চললেও, আসানসোলের সেনরেলে রোডের দৃশ্যপট সম্পূর্ণ উল্টো। কয়লা ও আয়রন ওরের গুঁড়ো এবং ভারী ট্রাকের দৌরাত্ম্যে ধুলোর মোটা আস্তরণে ঢেকে গেছে রাস্তার ধারের গাছগুলি।
সালোকসংশ্লেষ প্রক্রিয়া ব্যাহত হওয়ায় গাছগুলো কার্যত মৃত্যুর সঙ্গে লড়াই করছে। এলাকাবাসীর অভিযোগ, নিয়মিত জল ছিটানোর ব্যবস্থা না থাকায় জনজীবনও আজ বিপর্যস্ত।
দীর্ঘদিন ধরে চলা ফ্লাই অ্যাশ ও ধূলিকণার দূষণে শুধু গাছ নয়, বিপন্ন হচ্ছে মানুষের স্বাস্থ্যও। দোকানের খাবার থেকে ঘরবাড়ি, সবটাই এখন ধুলোর কবলে। স্থানীয়দের আক্ষেপ, শহরের অন্যতম গুরুত্বপূর্ণ এই প্রবেশপথে দূষণ এখন নিত্যসঙ্গী।
পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যের মন্ত্রী তথা আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল। তিনি জানান, কয়লা বা বালি বহনকারী গাড়িগুলিকে বাধ্যতামূলকভাবে ত্রিপল দিয়ে ঢাকার নির্দেশ দেওয়া হয়েছে।
ওভারলোডিংয়ের বিরুদ্ধেও নেওয়া হবে কঠোর আইনি ব্যবস্থা। মন্ত্রীর আশ্বাস, বর্ষা শেষ হলেই স্থায়ীভাবে রাস্তা সংস্কার করা হবে। তবে এলাকাবাসীর দাবি, শুধু আশ্বাসে নয়, দ্রুত নিয়মিত রাস্তা পরিষ্কার ও জল ছিটানোর মতো কার্যকর পদক্ষেপ প্রয়োজন। সবুজকে বাঁচাতে এবং শিল্পাঞ্চলের পরিবেশ রক্ষায় প্রশাসনের এই ঘোষণা কত দ্রুত বাস্তবায়িত হয়, এখন সেটাই দেখার।
Comments
Post a Comment