অতিরিক্ত জীবাণুনাশক স্প্রের জেরে রোগীর মৃত্যু? দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে চিকিৎসার গাফিলতিতে বিক্ষোভ
সংবাদদাতা, নিউজ হিন্দুস্থান -:
ছুটি লিখে দেওয়ার পরেও স্বাস্থ্যবিমা সংক্রান্ত জটিলতায় আটকে রাখা এবং ঘরে অতিরিক্ত ঝাঁঝালো জীবাণুনাশক স্প্রে করার জেরে রোগীর মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে দুর্গাপুরে তীব্র চাঞ্চল্য ছড়াল। বেনাচিতির বাসিন্দা ৫৮ বছরের মৃত রাজকুমার মণ্ডলের পরিবারের চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে সিটি সেন্টারের একটি বেসরকারি হাসপাতালে রবিবার সকালে ব্যাপক বিক্ষোভ দেখান আত্মীয়-স্বজনরা।
পরিবারের দাবি, গত ২৩ জুলাই চিকিৎসক রাজকুমারবাবুকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার কথা প্রেসক্রিপশনে লিখে দিলেও তা মানা হয়নি। উল্টে তিনি যে ঘরে ভর্তি ছিলেন, সেখানে হঠাৎই তীব্র গন্ধযুক্ত জীবাণুনাশক স্প্রে করা হয়। এর পরই তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে এবং রবিবার সকালে তাঁর মৃত্যু হয়।
ঘটনার আকস্মিকতায় ক্ষোভে ফেটে পড়ে পরিবার। যদিও জীবাণুনাশক স্প্রেই মৃত্যুর কারণ কি না, তা এখনও চিকিৎসাগতভাবে প্রমাণিত নয়। হাসপাতালের ডিজিএম অপারেশন শিল্পা স্বর জানিয়েছেন, মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের অনুরোধ করা হয়েছে, রিপোর্ট এলেই আসল সত্য সামনে আসবে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
Comments
Post a Comment