সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে বোলপুরে সাংবাদিকদের ডেপুটেশন
সংবাদদাতা, নিউজ হিন্দুস্থান -:
কলকাতায় দায়িত্ব পালনকালে মহিলা সাংবাদিকসহ সংবাদকর্মীদের উপর হামলা ও হেনস্তার ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে রবিবার বোলপুরে সরব হলেন সাংবাদিকরা। এদিন বোলপুর মহকুমা পুলিশ অফিসারের (এসডিপিও) দফতর ছাড়াও বোলপুর ও শান্তিনিকেতন থানায় একটি স্মারক লিপি ও ডেপুটেশন জমা দেওয়া হয়।
সাংবাদিকদের স্পষ্ট দাবি, সংবাদ সংগ্রহের সময় সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সুরক্ষা সুনিশ্চিত করতে হবে এবং কলকাতার ওই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত নিরপেক্ষ আইনি পদক্ষেপ নিতে হবে। গণতন্ত্রে সংবাদমাধ্যমের স্বাধীনতা রক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ভবিষ্যতে এ ধরনের হামলার পুনরাবৃত্তি রোধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ চাওয়া হয়েছে।
সাংবাদিক মহলের মতে, পেশাগত দায়িত্ব পালনে পরিবেশ সুরক্ষিত না হলে সামগ্রিক গণতান্ত্রিক ব্যবস্থাই বিঘ্নিত হবে। তাই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এদিনের এই ঐক্যবদ্ধ কর্মসূচি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে সচেতন মহল।
Comments
Post a Comment