পরিবর্তনের নামাবলি, লুঠের কারবার: বিজেপির অন্দরেই ‘তৃণমূলি’ দর্পণে আয়না দেখালেন জিতেন্দ্র


রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:

     ‘বদল বদল’ শ্লোগান তুলে যে গেরুয়া ঝড়ের স্বপ্ন দেখানো হয়েছিল, ক্ষমতায় আসার নেশায় সেই দলের একাংশই এখন তৃণমূলের পুরনো নথির ‘কপি-পেস্ট’ ভার্সন! পাণ্ডবেশ্বরের বিজেপি বিধায়ক জিতেন্দ্র তেওয়ারির সাম্প্রতিক বিস্ফোরক স্বীকারোক্তি যেন সেই তিক্ত বাস্তবকেই খোলা মঞ্চে তুলে আনল।

      ​তৃণমূলের গত ১৫ বছরের ‘অপশাসন’কে মাত্র দু’মাসে টেক্কা দেওয়ার দাবি খোদ নিজের দলের কর্মীদের বিরুদ্ধেই তুলেছেন বিধায়ক। তাঁর দাবি, বিজেপির পতাকার আড়ালে এখন রমরমিয়ে চলছে তোলাবাজি, আবাসন দখল আর জুলুমবাজি। প্রশ্ন উঠছে, তবে কি রঙের বদল হলেও ‘সংস্কৃতি’ একই রয়ে গেল? বিধায়কের আক্ষেপ, ক্ষমতার স্বাদ পেতেই যদি কর্মীদের একাংশ তৃণমূলের পথেই হাঁটে, তবে বিজেপি আর তৃণমূলের মধ্যে নৈতিকতার ফারাক রইল কোথায়?

      ​ভিডিও প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে শ্লেষের সুর। বিরোধীরা বলছে, ‘ঠাকুর ঘরে কে? আমি তো কলা খাইনি’- এই চিত্রনাট্যের যবনিকা পতন ঘটালেন খোদ বিধায়কই। নেটিজেনদের একাংশের মতে, পরিবর্তন নয়, বরং তৃণমূলের ‘সফটওয়্যার’ এখন বিজেপির ‘হার্ডওয়্যারে’ লোড করা হয়েছে। প্রতিশ্রুতি আর বাস্তবতার এই আকাশ-পাতাল তফাত গেরুয়া শিবিরের অন্দরে বড়সড় প্রশ্নচিহ্ন এঁকে দিল।

       জিতেন্দ্রবাবুর এই ‘আত্মসমালোচনা’ কি শুধুই বিধায়কের ব্যক্তিগত ক্ষোভ, নাকি রাজনীতির ময়দানে নতুন মোড়কে পুরনো লুঠতরাজের নির্মম প্রতিচ্ছবি- তা নিয়ে এখন চর্চায় উত্তাল পশ্চিম বর্ধমান। শেষ পর্যন্ত নৈতিকতার এই দর্পণ কি ভাঙবে, নাকি কর্মীদের ‘দুষ্কর্ম’ই হয়ে উঠবে বিজেপির নতুন পরিচয়?

Comments